সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে হবে: দেলোয়ার
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি) ও জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, শিল্পমালিকদের নিরাপত্তা দেওয়া, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে জনগণের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (জেডিপি) ও জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে সচল থাকবে দেশের অর্থনীতি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোটের যৌথ উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ সঞ্চালনা করেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম।
দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে নানা অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় চ্যালেঞ্জের মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। শ্রমিকেরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের জন্য সংগ্রাম করছেন। অন্যদিকে শিল্পমালিকেরা ব্যবসায়িক অনিশ্চয়তা ও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। লাখ লাখ তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিনিয়োগের পরিবেশ নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব সমস্যার শুধু আলোচনা নয়, বাস্তবসম্মত সমাধান প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
তিনি বলেন, একটি কারখানা কেবল ইট-পাথরের স্থাপনা নয়; এটি হাজারো শ্রমিকের কর্মসংস্থান এবং অসংখ্য পরিবারের জীবিকার উৎস। শ্রমিকের শ্রমেই শিল্পের চাকা সচল থাকে। তাই তাঁদের ন্যায্য মজুরি, সময়মতো বেতন ও বোনাস, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে শিল্পমালিকদের নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি, হয়রানি, অযৌক্তিক বাধা, রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তাহীনতা থেকে শিল্পপ্রতিষ্ঠানকে মুক্ত রাখতে হবে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের মজুরি নির্ধারণ, সময়মতো বেতন-বোনাস পরিশোধ এবং শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কারখানায় অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিক ছাঁটাই কিংবা কারখানা বন্ধের ক্ষেত্রেও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া অনুসরণের দাবি জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে জেডিপি চেয়ারম্যান বলেন, বাজারে সিন্ডিকেট, কৃত্রিম সংকট, মজুতদারি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষ সারাদিন পরিশ্রম করেও যখন চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংস কিনতে হিমশিম খান, তখন উন্নয়নের সুফল তাঁর কাছে পৌঁছায় না। তাই বাজারব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শিক্ষিত তরুণেরা চাকরি না পেলে এবং দক্ষ যুবকেরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হলে ব্যক্তিগত হতাশার পাশাপাশি জাতীয় উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হয়। তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চাকরি, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং স্বনির্ভর কর্মসংস্থান সৃষ্টির পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তাঁরা সংঘাত নয়, সমাধান চান। শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধ নয়, বরং ন্যায্য অধিকার ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিল্পের বিকাশ চান। ব্যবসা বন্ধ নয়, ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে চান। বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা বজায় রেখে সিন্ডিকেট ও অন্যায্য মুনাফার সুযোগ বন্ধ করতে হবে। রাজনীতির মূল আলোচনায় মানুষের খাদ্য, কর্মসংস্থান, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা ও মর্যাদার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
রাষ্ট্র কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ স্বার্থের সম্পত্তি নয় উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই রাষ্ট্র পরিচালনার প্রতিটি সিদ্ধান্তে জনগণের স্বার্থ, অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে ঐক্য, ন্যায়বিচার, বাস্তবসম্মত পরিকল্পনা এবং জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। বিদ্যুতের অনিশ্চয়তা এবং জ্বালানির মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়ে থাকবেন না, শ্রমিকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবেন না এবং সাধারণ মানুষ বিচার চাইতে গিয়ে হয়রানির শিকার হবেন না—এমন পরিবেশ নিশ্চিত করতে হবে।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন সমতা পার্টির চেয়ারম্যান হানীফ বাংলাদেশী, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, শান্তির দলের মহাসচিব প্রকৌশলী মামুন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী আনিসুর রহমান, জেডিপির মহাসচিব হাজী আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব মো. ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামানসহ বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতার জোট এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
কমেন্ট বক্স