২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা চলবে, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২১-১১-২০২৬
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা চলবে, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর ছবিঃ সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র হিসেবে আবার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

সরকারপ্রধানের ভাষায়, বীর মুক্তিযোদ্ধারা সাহস নিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তথ্যটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানান তিনি।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তখন প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। ফুল দেওয়ার সময় শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কেউ পেয়েছেন বীরশ্রেষ্ঠ খেতাব, কেউবা বীর উত্তম, বীর বিক্রম বা বীর প্রতীক। তবে এসব উপাধির চেয়েও বড় ব্যাপার হলো জাতির ইতিহাসে স্বাধীনতার লড়াইয়ে জিতে আসার গৌরব। এক জীবনে সবাই এমন গৌরব অর্জন করতে পারেন না। তাঁর মতে, সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশ করে তারেক রহমান বলেন, আপনাদের কেউ নিজে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সৌভাগ্য পেয়েছেন, কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, আপনারা সবাই সেই গৌরবের অংশীদার। আপনাদের জানাই বীরোচিত অভিনন্দন।

মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম আর আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ।

মহান মুক্তিযুদ্ধের সব শহীদকে তিনি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহত মুক্তিযোদ্ধা আর শহীদ পরিবারের সদস্যদের প্রতিও গভীর সহানুভূতি ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে তিনি রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে যে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা সম্মাননা ও সংবর্ধনা পেলেন, সেটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মান জানিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।’

জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রতিবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০১ সালে দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। সিদ্ধান্তটি যে সময়োপযোগী ছিল, পরে তা প্রমাণিত হয়েছে। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনও।

বীর মুক্তিযোদ্ধাদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, সময়ের নিয়মে তাঁদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত। তবু জীবনসায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে।

দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ নিয়ে আসছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সরকারপ্রধান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

শিখা অনির্বাণে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ