ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জে আজ শনিবার শুরু হলো বিশাল এক চক্ষু স্বাস্থ্য কর্মসূচি। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা দিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার চোখের ছানি অপারেশন করা হবে।’
জেলার দৃষ্টিহীন মানুষের হিসাব তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছর প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।’
কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবির বসবে। সেখানে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ৩ থেকে ৪ লাখ মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় চশমাও পাবেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই কর্মসূচির মূল লক্ষ্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে-ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি আর জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের এই কর্মসূচির নেতৃত্বে আছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এতে সহযোগিতা করছে। প্রথম দিনেই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম প্রমুখ।