ছবিঃ সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন হয়েছে আজ দুপুরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র।
মন্ত্রীর কথায়, ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় এই রাজশাহী থেকেই অনেকে জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। বিশ্বমঞ্চে তাঁরা রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে নিতে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য, যুবসমাজ যেন মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।
রাজশাহীর মানুষকে খুবই শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখানকার ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন বলে স্মরণ করেন তিনি। তাঁর মতে, রাজশাহীর মানুষ যেমন আন্তরিক হতে জানেন, তেমনি দরকার হলে লড়াইও করতে জানেন। দেশ ও জাতির স্বার্থে তাঁরা নিজের জীবনও উৎসর্গ করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
প্রতিযোগিতাটির আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়, বাস্তবায়ন করছে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ।
আয়োজকদের আশা, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও উৎসাহ পাবে।