২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উপবৃত্তির টাকা যাবে সরাসরি হিসাবে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে আওতায় আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৬
উপবৃত্তির টাকা যাবে সরাসরি হিসাবে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে আওতায় আনছে সরকার ছবিঃ সংগৃহীত

ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়া সব ছাত্রী এখন থেকে উপবৃত্তি পাবে। দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার এই ছাত্রীদের উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্তটি কার্যকর করতে উপবৃত্তির টাকা শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ে সরাসরি পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় হিসাব খুলতে বলা হয়েছে।

গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক।

নির্দেশনা অনুযায়ী, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু হবে। ছাত্রদের উপবৃত্তি অবশ্য আগের মতোই বিদ্যমান পদ্ধতিতে চলবে।

শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা যাবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। সে জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ে হিসাব থাকা বাধ্যতামূলক।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির যেসব ছাত্রীর নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে আগে থেকেই আছে, কিংবা যারা এ কর্মসূচিতে এরই মধ্যে উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না।

যে ছাত্রীরা এখনো উপবৃত্তি পায় না, তাদের নিজের বা অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবক ধরা হবে বাবা অথবা মাকে। বাবা-মা কেউ বেঁচে না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা বা মায়ের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব আগে থেকে থাকলে, অথবা নতুন হিসাব খোলা হলে, সেই হিসাবেই উপবৃত্তির টাকা নেওয়া যাবে। তখন আবেদনপত্রে ওই অভিভাবকের নাম অভিভাবক হিসেবে লিখতে হবে।

বাবা-মা দুজনের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাঁর নাম দেওয়া হবে, হিসাব খুলতে হবে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে।

মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তির টাকা নেওয়ার জন্য রাখা হয়েছে বিশেষ শর্ত। বাবা অথবা মা জীবিত থাকলে তবেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা নিতে পারবে।

সে ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যিনি অভিভাবক হিসেবে উল্লেখিত হবেন, সিম নিবন্ধন করতে হবে তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে, মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে তাঁর নামেই।

উদাহরণ টেনে নির্দেশনায় বলা হয়েছে, সিম যদি বাবার জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত হয়, তাহলে মোবাইল ব্যাংকিং হিসাবও খুলতে হবে বাবার নামে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়েই।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া জরুরি। এর ব্যত্যয় ঘটলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির টাকা পাঠানো যাবে না।

কোনো শিক্ষার্থীর বাবা-মা নেই, বিকল্প অভিভাবক হিসেবে আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউও নেই—এমন হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় সেই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এসব শিক্ষার্থী কেবল নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির টাকা নিতে পারবে।

স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে শিক্ষার্থীর নামেই। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে এ হিসাব স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র নিয়ে হিসাবটি হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে কর্মসূচিতে যুক্ত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বর আছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান কর্মসূচিতে যুক্ত হতে পারবে। সে জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও দরকারি তথ্য প্রকাশ করা হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রথমবার এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ঢুকতে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করবেন। সেখান থেকে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি নিয়ে যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।

উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানো এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারক করার।

বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ