ছবিঃ সংগৃহীত
ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ (বাসস): রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পাঁচ বিভাগের অনেক জায়গায়, আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
সিনপটিক অবস্থা নিয়ে অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে এগিয়ে গতকাল শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল পার হয়েছে। এরপর দুর্বল হয়ে এটি প্রথমে গভীর নিম্নচাপ, পরে নিম্নচাপে রূপ নেয়।
আরও দুর্বল হয়ে নিম্নচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়। এটি এখন উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় এখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়—১০১ মিলিমিটার।
রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৮ মিনিটে।