ছবিঃ সংগৃহীত
রঙিন সালাদ, গ্রিল করা চিংড়ি আর নানা পদের পাস্তা—দুপুরে এসব খেতে নিউইয়র্কের নতুন এক জনপ্রিয় রেস্তোরাঁয় ভিড় করেছিলেন অনেকে। রেস্তোরাঁটিকে আলাদা করেছে অবশ্য খাবার নয়, তার ঠিকানা: এটি একটি শিল্প জাদুঘরের ভেতরে।
বার্তা সংস্থা এএফপি নিউইয়র্ক থেকে খবরটি দিয়েছে।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চিরচেনা ক্যাফেটেরিয়ার খাবারের ধারণা পেছনে ফেলে নিউইয়র্কের বেশ কিছু আধুনিক ও উচ্চাভিলাষী রেস্তোরাঁ এখন জাদুঘরগুলোকেই খাবারের আকর্ষণীয় গন্তব্য বানিয়ে তুলছে।
এমন নতুন উদ্যোগগুলোর একটি নিউ মিউজিয়াম অব কনটেম্পরারি আর্টের ‘ওবেরন’। সালভাদর দালি ও মার্সেল দুশাঁর মতো শিল্পীদের কাজ প্রদর্শনের জন্য পরিচিত ম্যানহাটনের এই ভবনে এবার যোগ হয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা।
নামকরা রেস্তোরাঁয় ঠাসা এ শহরে প্রতিযোগিতা যে বেশ তীব্র, তা মেনে নেন জাদুঘরের পরিচালক ম্যাসিমিলিয়ানো জিওনি।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সাফল্য নির্ভর করবে বৃহত্তর বাজারে আমরা কতটা জায়গা করে নিতে পারি, তার ওপর। এ থেকেই আমাদের উচ্চাকাঙ্ক্ষার ধারণা পাওয়া যায়। যদিও তা পুরোপুরি অবাস্তবও হতে পারে।’
৯০ আসনের ডিম্বাকৃতি খাবারকক্ষের পাশে একটি আসনে বসে কথা বলছিলেন জিওনি। তাঁর চোখে কক্ষটি দেখতে অনেকটা মহাকাশযানের মতো, শৈল্পিক নকশায় খুব যত্ন করে সাজানো। জানালাগুলোও বিশেষভাবে বানানো, যাতে জাদুঘরের ভেতর থেকে রেস্তোরাঁটি চোখে না পড়ে।
এখানে খেতে জাদুঘরের প্রবেশ টিকিট কাটতে হয় না। রাতের খাবারের জন্য আছে আলাদা পথ—গ্রাফিতিতে ঢাকা একটি সরু গলি পেরিয়ে স্পিকইজির আদলে বানানো দরজা দিয়ে ঢুকতে হয়।
জিওনির আশা, ‘একসময় মানুষ জাদুঘরটির কথা না জেনেই শুধু রেস্তোরাঁয় খেতে আসবে।’
বিলাসবহুল সাময়িকী ‘কনডে নাস্ট ট্রাভেলার’ ওবেরনকে বলেছে ‘ম্যানহাটনে সবচেয়ে আকর্ষণীয় নতুন রেস্তোরাঁ’। নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে উচ্চমানের রেস্তোরাঁ খোলার যে প্রবণতা চলছে, ওবেরন তারই একটি অংশ।
ফ্রিক কালেকশন গত বছর চালু করে তাদের ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে। গত এপ্রিলে নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স খুলেছে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’। কুইন্সে মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) পিএস১ শাখায় ২০২৭ সালের শুরুর দিকে ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’ চালুর পরিকল্পনাও আছে।
আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিটের মতে, এসব প্রতিষ্ঠানের অনেকেই এমন খ্যাতিমান শেফদের ওপর ভরসা করছে, যাঁরা নিজেরাই দর্শনার্থী টানতে পারেন। তাঁদের হাত ধরে জাদুঘরে নতুন দর্শকও আসতে পারেন।
জাদুঘরে খাবারের আয়োজনে সবচেয়ে সফল দৃষ্টান্ত ম্যানহাটনের মোমায় থাকা ‘দ্য মডার্ন’। ২০০৫ সালে চালু হওয়ার পর রেস্তোরাঁটি দুটি মিশেলিন তারকা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরের রেস্তোরাঁর খাবার ভালো হয় না—এই নেতিবাচক ধারণা পাল্টে দিয়েছে দ্য মডার্ন।
তাঁর ভাষায়, ‘অনেকের ধারণা, জাদুঘর বা হোটেলের রেস্তোরাঁয় খাবারের মান ও পরিবেশ অন্য অভিজাত রেস্তোরাঁর মতো হয় না।’
টেইলর আরও বলেন, ‘শুধু একটি স্যান্ডউইচ আর সান পেলেগ্রিনোর পানির বোতলের জন্য মানুষ সেখানে বেশিক্ষণ থাকবে না। জাদুঘরের যে ভাবমূর্তি, খাবারের আয়োজনও তার সঙ্গে মানানসই হওয়া উচিত।’
কোভিড মহামারির পর দর্শনার্থী কমে যাওয়া আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কেন্দ্রীয় তহবিলে কাটছাঁটের ফলে যুক্তরাষ্ট্রের অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনো আর্থিক চাপে আছে।
তবে টেইলর মনে করেন, জাদুঘরে রেস্তোরাঁ খোলা বরং মজবুত আর্থিক অবস্থারই লক্ষণ। কারণ এসব প্রতিষ্ঠানের খাবারের ব্যবসা প্রায়ই লোকসানে চলে; উদ্দেশ্য থাকে সুনাম বাড়ানো আর দাতাদের আকৃষ্ট করা।
তিনি বলেন, ‘বেশিরভাগ উন্নতমানের ও অভিজাত রেস্তোরাঁ এমন জাদুঘরগুলোতে চালু হচ্ছে, যেগুলো সম্প্রতি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং বিপুল পরিমাণ তহবিল ও অনুদান পেয়েছে। এসব অর্থ তাদের রেস্তোরাঁ পরিচালনায় সহায়তা করছে।’
৪৯ বছরের ইতিহাসে নিউ মিউজিয়ামের প্রথম রেস্তোরাঁ ওবেরন। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটি চালু হয়েছে। রেস্তোরাঁটি কতটা লাভ দেবে, তা এখনই বলা যাচ্ছে না।
জিওনি বলেন, ‘আমরা এমন একটি ধারণার ওপর বাজি ধরেছি, যা নিশ্চিত নয়। সেটি হলো, রেস্তোরাঁটি আমাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে। এটি হয়তো স্রেফ কল্পনাপ্রসূত আশা। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে।’
রেস্তোরাঁর বার ঘিরেও তাঁর প্রত্যাশা আছে। সে প্রসঙ্গে শিল্পী আর পানশালার পুরোনো সম্পর্কের কথা তোলেন তিনি।
হাসতে হাসতে জিওনি বলেন, ‘আমি কাউকে খারাপ পথে প্ররোচিত করতে চাই না। তবে বিংশ শতাব্দীতে পানশালার ইতিহাস ছাড়া শিল্পকলার ইতিহাসও অসম্পূর্ণ।’