২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কনমেবলের ১০ দেশের ‘সর্বসম্মত’ সমর্থন পেলেন ইনফান্তিনো, মার্চে ফিফা সভাপতি নির্বাচন

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২১-১১-২০২৬
কনমেবলের ১০ দেশের ‘সর্বসম্মত’ সমর্থন পেলেন ইনফান্তিনো, মার্চে ফিফা সভাপতি নির্বাচন ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থা কনমেবল শুক্রবার ঘোষণা দিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনে তাদের ‘সর্বসম্মত’ সমর্থন রয়েছে।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করায় সমালোচনায় পড়েছিলেন ইনফান্তিনো। তবু আগামী মার্চে আবার নির্বাচিত হওয়ার লড়াইয়ে আফ্রিকা ও এশিয়া এখনো তাঁর পাশে আছে।

ফিফার ২১১ সদস্য দেশের প্রত্যেকের হাতে একটি করে ভোট। আগামী ১৮ মার্চ রাবাতে হতে যাওয়া নির্বাচনে জয়ের জন্য দরকার কমপক্ষে ১০৬টি ভোট। কনমেবলের সদস্য দেশ ১০টি, আফ্রিকার ভোট ৫৪টি আর এশিয়ার ৪৬টি।

শনিবার বারানকিয়ায় কোপা সুদামেরিকানার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরো ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। এই ম্যাচের আগে সেখানেই সমর্থনের কথা জানায় কনমেবল।

বিবৃতিতে ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইনফান্তিনোর ‘নেতৃত্ব’ এবং ফুটবলে তাঁর উদ্যোগে আসা ‘ইতিবাচক পরিবর্তনের’ প্রশংসা করা হয়েছে।

২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে ইনফান্তিনো ছিলেন একক প্রার্থী। এবার তাঁকে লড়তে হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে—ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে টুর্নামেন্টের মধ্যে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার—এসব নিয়েও সমালোচিত হয়েছেন ইনফান্তিনো।

তবে প্রথমবার বড় চাপে পড়েন বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা ঘিরে উয়েফার প্রতিক্রিয়ায়। উয়েফার আপত্তির মুখে শেষমেশ পরিকল্পনাটি তুলে নিতে হয় তাঁকে।

ফ্রান্সের দিয়ালোর প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন। আর তাশিমার প্রতিশ্রুতি, ফিফার নেতৃত্বে ‘সততা’ ফিরিয়ে আনবেন তিনি।

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা জানিয়েছেন, সংস্থার প্রতি আস্থা ফেরানো এবং স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠাই তাঁর প্রচারণার মূল বিষয়। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন বলে জানান।

গত অক্টোবরে ফিফা নিশ্চিত করেছিল, আগামী চার বছরের জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে তাদের।

২০২৬ বিশ্বকাপ থেকে বাণিজ্যিকভাবে বড় অঙ্কের আয়ের পর এই তহবিল থেকে অর্থ পাবে ফিফার ২১১ সদস্য ফেডারেশন ও আঞ্চলিক কনফেডারেশনগুলো। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি সদস্য ফেডারেশন পেতে পারে ২৫ মিলিয়ন ডলার করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ