২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কোলনের বিপক্ষে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ল, প্রায় তিন মাস খেলতে পারবেন না কেইন

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২১-১১-২০২৬
কোলনের বিপক্ষে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ল, প্রায় তিন মাস খেলতে পারবেন না কেইন ছবিঃ সংগৃহীত

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে প্রায় তিন মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে। শুক্রবার বুন্দেসলিগায় এফসি কোলনের সঙ্গে ড্র হওয়া ম্যাচে তাঁর বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।

প্রথমার্ধে মাইকেল অলিসের একটি ক্রস ডিফ্লেক্ট হয়ে এলে সেটির নাগাল পেতে ছুটেছিলেন ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার। কিন্তু কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড আগেই বলের নাগাল পেয়ে যান, এরপর কেইনের বাঁ পায়ের সঙ্গে ধাক্কা লাগে। তখনই চোট পান কেইন।

আনুষ্ঠানিক বিবৃতিতে চোটের খবর নিশ্চিত করে বায়ার্ন জানায়, “শুক্রবার সন্ধ্যায় হ্যারি কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।”

ক্লাবটি আরও জানায়, “বায়ার্নের চিকিৎসক দলের করা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।”

পরে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, তাঁদের ধারণা কেইন প্রায় তিন মাস খেলতে পারবেন না।

মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কেইনকে। ২০ মিনিটে তাঁর জায়গায় নামানো হয় টম বিশফকে। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কেইন।

চোটটি বায়ার্নের জন্য বড় ধাক্কা। ব্যালন ডি’অর জেতার পর দুর্দান্ত মৌসুম কাটাচ্ছিলেন কেইন।

ইংল্যান্ডও চাইবে, মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠুন অধিনায়ক কেইন।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানো যে কঠিন, তা মেনে নিয়ে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে এবং এখন সেটাই মাঠে দেখাতে হবে।”

কোম্পানির ভাষায়, “এমন খেলোয়াড়দের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স প্রয়োজন, যারা হয়তো এখনো বায়ার্নে এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত নয়। পরিস্থিতিকে শক্তিতে পরিণত করতে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ