২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গ্রামীণ নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের চালিকাশক্তি: প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২১-১১-২০২৬
গ্রামীণ নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের চালিকাশক্তি: প্রতিমন্ত্রী সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: গ্রামীণ জনপদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে গ্রাম পুলিশকে সরকারের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের সঠিক ও সময়োপযোগী তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সজাগ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোনো এলাকায় যেন অপরাধীরা আশ্রয় নিতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির আশ্বাস দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, তাঁদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পেশাগত মানোন্নয়ন ও যেকোনো ন্যায্য প্রয়োজনে তিনি এবং উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে তাঁদের আরও তৎপর হতে হবে। গ্রাম পুলিশের সঠিক ও সময়োপযোগী তথ্য বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাহারুল ইসলাম, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ