ছবিঃ সংগৃহীত
দেশের মৎস্যসম্পদ যে সম্ভাবনা নিয়ে আছে, তা কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর সঙ্গে রপ্তানি বাড়ানোতেও জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। খাতটির বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষে আজ মৎস্য ভবনে একটি কর্মশালা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি আর খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। দেশে এখন বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। এতে দেশের চাহিদা মেটানোর পরও রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে।
একসময় তৈরি পোশাকের পরই মৎস্য খাতের রপ্তানি আয় উল্লেখ করার মতো ছিল বলে জানান প্রতিমন্ত্রী। সম্ভাবনা থাকার পরও প্রত্যাশিত অগ্রগতি কেন আসছে না, তা খতিয়ে দেখে দরকারি পদক্ষেপ নিতে হবে।
মাছের স্বাদ আর গুণগত মান কেন কমছে, তার কারণ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি। মাছের প্রাকৃতিক আবাস ও বেড়ে ওঠার পরিবেশ রক্ষার কথা বলেন। তাঁর মতে, নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মেশায় মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এরই মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানিপ্রবাহ আর জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র নদী-মোহনায় নাব্যতা ফেরাতেও কার্যকর উদ্যোগ দরকার।
নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফেরানো গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খাল খনন করে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে বলে মত দেন তিনি।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সবাই যার যার দায়িত্ব ঠিকমতো পালন করলে খাতের চ্যালেঞ্জ সামলে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।