২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নেত্রকোণার প্রবীণ সাংবাদিক হেলিম ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক নজরুল

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২২-১১-২০২৬
নেত্রকোণার প্রবীণ সাংবাদিক হেলিম ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক নজরুল ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সংগঠক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’-এর নতুন সভাপতি হয়েছেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।

গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে এক বিশেষ সাধারণ সভা ডাকা হয়। সেখানেই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

শীর্ষ দুই পদে কারা আসছেন, তা আনুষ্ঠানিকভাবে জানান নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। উপস্থিত সদস্যদের সম্মতিতে তখন ৭১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এখন জাতীয় দৈনিক আমার দেশ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি। সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি ১৯৮৬ সালে। চার দশকের পেশাজীবনে তিনি দৈনিক ইনকিলাব (১৯৮৬-২০০৩), দ্য ডেইলি স্টার (১৯৯০-১৯৯৮), বাংলাদেশ বেতার (২০০১-২০০৮) এবং দৈনিক যুগান্তরে (২০১১-২০১৯) নেত্রকোণা জেলা প্রতিনিধির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। পেশাগত দক্ষতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতার নানা বিষয়ে ২১টি এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের তত্ত্বাবধানে সমাজসেবামূলক আটটি প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সৃজনশীল ও মননশীল লেখালেখিতেও তিনি সক্রিয়; তাঁর লেখা বই ও সমসাময়িক প্রবন্ধ মিলিয়ে সংখ্যা ২১১টি।

১৯৬৬ সালের ১ জানুয়ারি নেত্রকোণা শহরের মোক্তারপাড় মসজিদ কোয়ার্টার এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। বাবা মরহুম সামছুল কিবরিয়া চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক, মা মরহুমা হালিমুন্নেছা চৌধুরী। পৈতৃক বাড়ি নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের সানকিউরা গ্রামের ‘মিয়াবাড়ি’।

সভাপতি হওয়ার পরপরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেলিম বলেন, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে একটি ফেডারেল কাঠামোর আওতায় এনে সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য মজবুত করাই তাঁদের মূল লক্ষ্য। গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা আর পেশাগত মর্যাদা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রত্যয় জানান তিনি।

নতুন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের এক ছাতার নিচে এনে ফেডারেল কাঠামোয় সাংগঠনিক কাজ চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ আর জেলাগুলোর নামের আদ্যক্ষর দিয়ে তৈরি ‘টানে কিশে মজা’ স্লোগান সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ