২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আট বছরে ১০ বিলিয়ন কিলোমিটার পেরিয়ে বুধের কক্ষপথে ‘বেপিকলম্বো’

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১১-২০২৬
আট বছরে ১০ বিলিয়ন কিলোমিটার পেরিয়ে বুধের কক্ষপথে ‘বেপিকলম্বো’ ছবিঃ সংগৃহীত

জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’ অবশেষে ঢুকে পড়েছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে। এ জন্য যানটিকে দীর্ঘ আট বছর মহাকাশে পাড়ি দিতে হয়েছে। রোববার খবরটি জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইএসএ জানায়, মহাকাশযানের থ্রাস্টার, অর্থাৎ দিক ও গতি নিয়ন্ত্রণের ইঞ্জিন, টানা ৩০ মিনিটের বেশি চালু রাখা হয়। এরপরই সফলভাবে বুধের কক্ষপথে ঢোকে যানটি। এরই মধ্যে সংগ্রহ করা নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজও যানটি শুরু করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

চার টন ওজনের মহাকাশযানটি যাত্রা শুরু করেছিল ২০১৮ সালে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছাতে এ পর্যন্ত এটি ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পেরিয়েছে। লম্বা এ যাত্রায় সৌরজগতের আরও নয়টি গ্রহের কাছ দিয়েও উড়ে গেছে যানটি।

এ বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মিশনপ্রধান সান্তা মার্টিনেজ বলেছিলেন, বুধের এমন সব দৃশ্য ও তথ্য এ অভিযানের মাধ্যমে মানুষের সামনে আসবে, যা আগে কখনো দেখা যায়নি। সৌরজগৎ নিয়ে মানুষের জ্ঞান ও ধারণায় এটি নতুন অধ্যায়ও খুলে দেবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

মিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর যানটির ইউরোপীয় ও জাপানি অংশ আলাদা হয়ে যাবে এবং যার যার কক্ষপথে অবস্থান নেবে।

বুধের পৃষ্ঠতল বা উপরিভাগ পর্যবেক্ষণের দায়িত্ব ইউরোপীয় অংশের। এ কাজে এটি গ্রহের পৃষ্ঠ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার ওপর দিয়ে চক্কর দেবে।

জাপানি অংশ ঘুরবে উপবৃত্তাকার কক্ষপথে, যেখানে বুধ থেকে এর দূরত্ব সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার পর্যন্ত হবে। বুধের চৌম্বকক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জোগাড় করাই এ অংশের মূল লক্ষ্য।

তাপমাত্রার বিশাল ওঠানামা বুধ গ্রহের বৈশিষ্ট্য। কখনো সেখানে তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নামে, কখনো উঠে যায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সূর্য থেকে আসা তীব্র বিকিরণের ধাক্কাও গ্রহটিকে নিয়মিত সামলাতে হয়।

বুধের পাশ দিয়ে প্রথম উড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘মেরিনার-১০’, ১৯৭৪ সালে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ