২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বহির্নোঙরে ৮৫ মাদার ভেসেল, লাইটার জাহাজের অভাবে খালাস ধীর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১১-২০২৬
বহির্নোঙরে ৮৫ মাদার ভেসেল, লাইটার জাহাজের অভাবে খালাস ধীর ছবিঃ সংগৃহীত

দুই মাস যেতে না যেতেই চট্টগ্রাম বন্দরে আবার লাইটারেজ জাহাজের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কাজ চলছে ধীরগতিতে।

বন্দরের বহির্নোঙরে এখন ভাসছে ৮৫টি মাদার ভেসেল। প্রতিটির জন্য অন্তত ৫টি করে ধরলেও লাইটার জাহাজ দরকার ৪২৫টি। অথচ এখন একটি মাদার ভেসেলের ভাগে জুটছে মাত্র একটি লাইটার জাহাজ। ৪৮টি জাহাজ থেকে খালাস চলছে; বাকি ৩৭টি অপেক্ষায় ভাসছে বহির্নোঙরে।

খাদ্যশস্য, সারসহ শিল্পের কাঁচামাল নিয়ে আসা বড় জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারে না। ৫০ হাজার টনের একটি জাহাজ খালি করতে দিনে দরকার হয় ৫ থেকে ৮টি লাইটার জাহাজ। অথচ গত এক সপ্তাহ ধরে সংকটের জেরে মাদার ভেসেলগুলো প্রয়োজনমতো জাহাজ পাচ্ছে না। এসব জাহাজে আছে কনটেইনারভর্তি পণ্য, খাদ্যশস্য, স্ক্র্যাপ, সার, চিনি, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও তেলসহ রমজান মাসের নানা পণ্য।

লাইটার জাহাজ বরাদ্দ দেয় ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। সংস্থাটি বলছে, রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের জাহাজ বেশি আসছে, অথচ অনেক লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন নদীবন্দরে বসে আছে। তাদের দাবি, ডব্লিউটিসিসির সিরিয়ালের বাইরে চলাচল এবং ঢাকার জাহাজমালিকদের আলাদা কমিটি গঠনের কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, গত আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত লাইটার জাহাজের তীব্র সংকট ছিল। তখন বহির্নোঙরে বড় জাহাজ থেকে নৌপথে পণ্য নেওয়ায় সমস্যা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সংকট কাটলেও ঠিক দুই মাস পর একই পরিস্থিতি ফিরে এসেছে।

কেন বারবার এমন হচ্ছে—এ প্রশ্নে লাইটার জাহাজমালিকেরা জানান, চট্টগ্রামের নৌপথে প্রায় ৯০০টি লাইটার জাহাজ আছে। এগুলোর মালিক বিভিন্ন শিল্প গ্রুপ বা কোম্পানি, এবং তারা নিজেদের পণ্য বা কাঁচামাল আনা-নেওয়ায় এগুলো ব্যবহার করে।

এর বাইরে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) তালিকায় আছে ১ হাজার ৫৬টি লাইটার জাহাজ, যেগুলোকে বিডব্লিউটিসিসির দেওয়া সিরিয়াল মেনে চলতে হয়। কিন্তু এর অর্ধেক জাহাজ এখন সিরিয়াল না মেনে বেশি ট্রিপের (ভাড়া) আশায় চট্টগ্রামের বাইরে অন্য রুটে চলছে। সেখানে তারা কয়লা, সিমেন্টের কাঁচামাল ক্লিংকারসহ নানা পণ্য বহন করছে।

এ কারণেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকট ঘুরেফিরে দেখা দিচ্ছে।

লাইটার জাহাজ কোম্পানি শেখ এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর আলমের হিসাব, সিরিয়াল মেনে চললে একটি লাইটার জাহাজ মাসে এক থেকে দুটির বেশি ট্রিপ পায় না। সিরিয়ালের বাইরে চললে কম ভাড়াতেও পাঁচ থেকে ছয়টি ট্রিপ মেলে, লাভও বেশি। অর্ধেকের বেশি মালিক তাই এ পথে হাঁটছেন, আর তাতেই সংকট। তিনি জানান, বিডব্লিউটিসিসির প্রতিদিন সিরিয়াল দেওয়ার কথা থাকলেও এখন তিন দিনে একবার দেওয়া হচ্ছে।

কয়েক মাস আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এখন আবার সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি। আমদানিকারকদের ডেমারেজ দিতে হচ্ছে, আর সেই খরচের ভার শেষ পর্যন্ত বইতে হয় সাধারণ মানুষকে। সমস্যা মেটাতে নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও মত দেন জাহাঙ্গীর আলম।

লাইটার জাহাজ পরিচালনা করে বিডব্লিউটিসিসি, সিরিয়াল প্রথা মেনেই। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংকে (আইভোয়াক) নিয়ে বিডব্লিউটিসিসি গঠিত।

বিসিভোয়ার সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠুর ব্যাখ্যা, রমজান ঘিরে পণ্যবাহী অনেক বড় জাহাজ একসঙ্গে এসে পড়ায় চাপ তৈরি হয়েছে। তার ওপর আমদানিকারকদের অনেক আগে থেকেই লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের প্রবণতা আছে। এসব মিলেই সংকট।

তিনি জানান, কিছু জাহাজ এখন সিরিয়াল না মেনে কয়লা পরিবহনে খাটছে। কারা কারা জাহাজগুলো বাইরে আটকে রেখেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বেলায়েত হোসেন আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা এক মাসের মধ্যে সিরিয়ালের বিষয়টিও ঠিক করব।’

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন জানান, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকায় ওজন স্কেল বসানোয় ১৩ টনের বেশি পণ্য নেওয়া যায় না। ফলে এখন নৌপথই ভরসা। দিন দিন আমদানি বাড়ছে, তাই লাইটার জাহাজের সংকট দ্রুত মেটাতে হবে বলে মনে করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহের মতে, সমন্বয়ের অভাবেই ঘুরেফিরে এমন অবস্থা দাঁড়াচ্ছে। সমাধান চাইলে সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও লাইটার জাহাজমালিকদের সমন্বয় করে কাজ করতে হবে। তা না হলে জাহাজের অপেক্ষার সময় বাড়বে, বাইরের দুনিয়ায় দেশের তথা বন্দরের সুনাম নষ্ট হবে।

তিনি বলেন, জাহাজের আকারভেদে আমদানিকারককে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার ডলার ডেমারেজ গুনতে হবে, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বছরে প্রায় ৬ কোটি টন পণ্য খালাস হয়। ১৮০০ লাইটার জাহাজ এসব পণ্য চট্টগ্রামের ১৬টি ঘাটসহ দেশের নানা গন্তব্যে পৌঁছে দেয়।

সমুদ্রপথে পণ্য পরিবহন নীতিমালা অনুযায়ী এসব জাহাজ ডব্লিউটিসিসির মাধ্যমে চলার কথা। কিন্তু সম্প্রতি জাহাজমালিকদের একাংশ নিজেরাই আলাদা কমিটি করেছে।

অন্যদিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের আদেশে আলাদা একটি তদারকি কমিটি হওয়ায় বিরোধ আরও বেড়েছে।

ব্যবসায়ীদের আশঙ্কা, এ অচলাবস্থা দ্রুত না কাটলে আমদানি করা নিত্যপণ্য ও শিল্পের কাঁচামালের সরবরাহ চেইন ভেঙে পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে আসন্ন রমজানের পণ্যসহ দেশের বাজারে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ