ছবিঃ সংগৃহীত
টিকা নেওয়ার আগে ২০২৭ সালের হজযাত্রীদের সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পরীক্ষাগুলো করাতে হবে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে, অথবা নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে।
মন্ত্রণালয়ের হজ-৩ শাখা রোববার (২২ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে কোন কোন পরীক্ষা লাগবে, বিজ্ঞপ্তিতে তার তালিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) ও সিরাম ক্রিয়েটিনিন। এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে।
দুরারোগ্য বা গুরুতর রোগ থাকলে প্রয়োজন অনুযায়ী আরও পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতার সন্দেহ থাকলে ইকোকার্ডিওগ্রাফি লাগবে। কিডনির জটিলতা থাকলে করাতে হবে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া পরীক্ষা।
লিভার ঠিকমতো কাজ না করার সন্দেহ হলে পরীক্ষার তালিকায় থাকবে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম।
ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ শনাক্ত করতে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করাতে হবে। গর্ভাবস্থায় জটিলতা থাকলে দরকারমতো প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিয়ে তবেই টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের হাতে স্বাস্থ্য সনদ দেওয়া হবে।
এ বিষয়ে কিছু জানার থাকলে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।