২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিকা নেওয়ার আগে হজযাত্রীদের করাতে হবে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা, নির্দেশনা মন্ত্রণালয়ের

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৩-১১-২০২৬
টিকা নেওয়ার আগে হজযাত্রীদের করাতে হবে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা, নির্দেশনা মন্ত্রণালয়ের ছবিঃ সংগৃহীত

টিকা নেওয়ার আগে ২০২৭ সালের হজযাত্রীদের সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পরীক্ষাগুলো করাতে হবে দেশের সব জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে, অথবা নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে।

মন্ত্রণালয়ের হজ-৩ শাখা রোববার (২২ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে কোন কোন পরীক্ষা লাগবে, বিজ্ঞপ্তিতে তার তালিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র‍্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) ও সিরাম ক্রিয়েটিনিন। এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে।

দুরারোগ্য বা গুরুতর রোগ থাকলে প্রয়োজন অনুযায়ী আরও পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতার সন্দেহ থাকলে ইকোকার্ডিওগ্রাফি লাগবে। কিডনির জটিলতা থাকলে করাতে হবে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া পরীক্ষা।

লিভার ঠিকমতো কাজ না করার সন্দেহ হলে পরীক্ষার তালিকায় থাকবে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম।

ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ শনাক্ত করতে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করাতে হবে। গর্ভাবস্থায় জটিলতা থাকলে দরকারমতো প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিয়ে তবেই টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের হাতে স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

এ বিষয়ে কিছু জানার থাকলে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ