২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৪৮ ঘণ্টার বিশেষ অভিযান: কুমিল্লায় আটক ৩২৫, তাদের ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৩-১১-২০২৬
৪৮ ঘণ্টার বিশেষ অভিযান: কুমিল্লায় আটক ৩২৫, তাদের ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের ছবিঃ সংগৃহীত

গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে ৩২৫ জনকে আটক করেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের এই বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের ৬৪ জন সদস্যও আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন।

পুলিশের ভাষ্য, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে অভিযানটি চালানো হয়। উদ্দেশ্য ছিল জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকানো।

কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আটক করাই ছিল অভিযানের মূল জোর।

পুলিশ জানিয়েছে, আটক ৩২৫ জনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হয়। এরপর ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৯৫ জনের অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, তাই মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান চলতেই থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ