ছবিঃ সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাওনা ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেয়।
চিঠির হিসাব অনুযায়ী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭৩টি হোল্ডিংয়ে পৌরকর বাকি ২৬ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি হোল্ডিংয়ে অনাদায়ী রয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকা। সব মিলিয়ে দুই প্রতিষ্ঠানের কাছে বকেয়া পৌরকর ২৯ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৬৩৯ টাকা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নাগরিক সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান বলে চিঠিতে উল্লেখ করা হয়। নিজের আদায় করা রাজস্ব আর সরকারি উন্নয়ন সহায়তা দিয়েই এর সেবামূলক কাজ চলে। প্রতিবছর সংস্থাপন ও উন্নয়ন খরচ বাড়ছে, নাগরিক সেবার চাহিদাও বাড়ছে। কিন্তু রাজস্ব ঠিকমতো আদায় না হওয়ায় উন্নয়ন কাজে গতি আনা ও প্রত্যাশিত সেবা দেওয়া ব্যাহত হচ্ছে।
তাই ডিএসসিসির নাগরিক সেবা নিরবচ্ছিন্ন রাখা ও উন্নয়ন কাজে গতি আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দুই দপ্তরকে বকেয়া পৌরকর দ্রুত শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।