ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, এই ছয় বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ওই বিভাগগুলোর দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকতে পারে মূলত শুষ্ক।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় তেমন হেরফের না হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে, ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের নানা এলাকায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি, ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসার অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
ঢাকায় আজ সকাল থেকে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে।
সকালে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৯ মিনিটে।