২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এক দিনে এনভিডিয়ার শেয়ার ১৪ শতাংশ কমার ধাক্কা, কোসপি নামল ৪ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১১-২০২৬
এক দিনে এনভিডিয়ার শেয়ার ১৪ শতাংশ কমার ধাক্কা, কোসপি নামল ৪ শতাংশের বেশি ছবিঃ সংগৃহীত

প্রযুক্তি খাতের শেয়ারে নতুন করে বিক্রির চাপে আবারও টালমাটাল এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের বড় দরপতনের ধাক্কা সামলে বাজারগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে বড় পতনের প্রভাব এসে পড়েছে এশিয়াতেও। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মাত্রাতিরিক্ত বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার আরও বাড়ানোর আশঙ্কা এবং কড়া নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ভবিষ্যৎ লেনদেনের সূচক ভালো ইঙ্গিত দিলেও তাতে শেয়ার কিনতে উৎসাহ পাননি বিনিয়োগকারীরা।

গত শুক্রবার নিউইয়র্কের বাজারে বড় পতনের পেছনে একটি বড় কারণ ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের ধস। নানা বিতর্কে জড়ানো প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এক দিনেই ১৪ শতাংশ পড়ে যায়। এর জেরে চলতি বছরের শুরু থেকে পাওয়া সব প্রবৃদ্ধি হারিয়ে নেতিবাচক অবস্থায় নেমে যায় নাসডাক সূচকও।

গত মাসে সর্বোচ্চ অবস্থানে ওঠার পর থেকে নাসডাক কমেছে প্রায় ২০ শতাংশ।

এনভিডিয়ার ভালো আর্থিক ফল কিংবা এআই চ্যাটবট ক্লদ-এর নির্মাতা অ্যানথ্রপিকের আলোচিত শেয়ারবাজারে আসা, কোনোটাই এই দরপতন থামাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের পর এশিয়ার বাজারেও বিক্রির চাপ চলতে থাকে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক নেমে যায় ৪ শতাংশের বেশি। দেশটির দুই বড় সেমিকন্ডাক্টর নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দামও কমেছে প্রায় ৪ শতাংশ করে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্টিফেন ইনেসের মতে, এআই প্রযুক্তির বিকাশে এ দুটি প্রতিষ্ঠান মোটেই প্রান্তিক খেলোয়াড় নয়। বরং এ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর সরবরাহকারীদের অন্যতম তারা।

ইনেস বলেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচারসে সাময়িক ইতিবাচক প্রবণতা দেখা গেলেও এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতেই থাকায় বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীরা এখনো নতুন বিনিয়োগের চেয়ে ঝুঁকি কমিয়ে শেয়ার বিক্রিতেই বেশি আগ্রহী।

পতনের নেতিবাচক প্রভাব কমাতে কয়েকটি দেশের কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিচ্ছে।

তাইওয়ান তার শেয়ারবাজারে শর্ট সেলিং, অর্থাৎ দাম কমবে এই আশায় শেয়ার বিক্রির সুযোগ আরও কড়া করেছে।

চীন আবার শেয়ার কিনতে ঋণ নেওয়ার সুযোগ সহজ করেছে। বাজার স্থিতিশীল রাখতে একটি তহবিল কাজে লাগানোর কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এমন তহবিল আর ব্যবহার করা হয়নি।

সোমবার এশিয়ার বিভিন্ন বাজারে দরপতন হয়। তাইপের সূচক কখনো বেড়েছে, কখনো কমেছে। তবে হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও জাকার্তার বাজারে উল্লেখযোগ্য পতন হয়েছে। সরকারি ছুটির কারণে টোকিওর শেয়ারবাজার বন্ধ ছিল।

বিনিয়োগকারীদের আতঙ্ক মাপার অন্যতম সূচক ভিআইএক্স উঠে গেছে গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিলে বিশ্ববাজারে বড় অস্থিরতা তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তও দুশ্চিন্তা বাড়িয়েছে। এর মাধ্যমে একটি আইনি ফাঁক বন্ধ করা হয়েছে, যার সুযোগে চীনা প্রতিষ্ঠানগুলো দূরবর্তী প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ ব্যবহার করতে পারত।

ফরেক্স ডটকমের বিশ্লেষক ফিওনা সিনকোটা বলেন, এআই খাতে বিনিয়োগ নিয়ে বাজারে উদ্বেগ বাড়ছে।

এ খাতে মূলধনী ব্যয় কত, বিনিয়োগ কতটা ব্যাপক, তা থেকে কী মুনাফা আসতে পারে আর কবে নাগাদ আসবে, এসব নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে হিসাব কষছেন বলে জানান তিনি।

সিনকোটা আরও বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় এআই খাতের সম্প্রসারণের গতি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে দীর্ঘ সময় উচ্চ সুদহার থাকার আশঙ্কা মিলে প্রযুক্তি খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ