ছবিঃ সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর ২টায় বসছে বোর্ডের চতুর্থ সভা। তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি ঠিক করতেই এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা একটি নোটিশে সোমবার সভার কথা জানানো হয়। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষ গতকাল তাদের প্রস্তাব জমা দেয়। তবে মালিক আর শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় মজুরি বোর্ড ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সে কারণেই আজকের সভা।
বৈঠকে পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা মজুরি নিয়ে যে লিখিত প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা হবে। এ শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশও তৈরি করা হবে।