২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

​বই মানুষের উত্তম সঙ্গী, আলোকিত জীবনের পথপ্রদর্শক: বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ২৪-১১-২০২৬
​বই মানুষের উত্তম সঙ্গী, আলোকিত জীবনের পথপ্রদর্শক: বিভাগীয় কমিশনার সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: বই মানুষের উত্তম সঙ্গী, জ্ঞান ও মননশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। বই মানুষকে ভালো চিন্তা করতে শেখায়, জ্ঞানের পরিধি বাড়ায় এবং সুন্দর জীবন গঠনে অনুপ্রেরণা জোগায়। তাই স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিভাগীয় বইমেলা-২০২৬-এর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতা পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বাড়াতে পারে। সাহিত্য পাঠ মানুষের একাকিত্ব দূর করে, চিন্তার জগৎ সমৃদ্ধ করে এবং জীবনের নানা পরিস্থিতি উপলব্ধি করতে সহায়তা করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, লেখার দক্ষতা ও ভাষার ব্যবহার বাড়াতেও বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বই পড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা যেমন প্রয়োজন, তেমনি মানসিক বিকাশ ও মননশীলতা বৃদ্ধিতে বই পড়ার গুরুত্ব অপরিসীম।

প্রকাশনা শিল্পের মানোন্নয়নে প্রকাশকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বইয়ের কাগজ, বাঁধাই ও মুদ্রণের গুণগত মান বজায় রাখতে হবে। বইয়ের অক্ষর ও ফন্ট হতে হবে পাঠযোগ্য। পাশাপাশি নকল, নিম্নমানের ও অবৈধভাবে প্রকাশিত বইয়ের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা গেলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে বইমেলায় এসে বই দেখা, কেনা ও নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী, কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে কথা বলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ