ছবিঃ সংগৃহীত
দেশজুড়ে পরিবার পরিকল্পনা নিয়ে বছরব্যাপী একটি ক্যাম্পেইন চালু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ খবর দিয়েছেন।
তাঁর ভাষ্য, বিগত অন্তর্বর্তী সরকার নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাতে চার-পাঁচ দশক ধরে সফলভাবে চলে আসা পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে যায়। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই খাতটিকে সবার আগে রেখেছে, আর ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী ক্যাম্পেইনটি শুরু করতে যাচ্ছে বলে জানান তিনি।
বুধবার সকালে দৈনিক সমকালের সভাকক্ষে একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুহিত। বৈঠকের শিরোনাম ছিল ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট : দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’। মেরি স্টোপস বাংলাদেশ ও সমকাল মিলে এটি আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, কোনো বিকল্প দিকনির্দেশনা না দিয়েই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। এতে মাঠের কর্মীদের বেতন আর সরবরাহ ব্যবস্থা দুটোই ভেঙে পড়ে। তাঁর মন্তব্য, কখনো কখনো ভুল নীতির পরিণতি দুর্নীতির চেয়েও ভয়াবহ হয়। দায়িত্ব পাওয়ার পর সরকার জরুরি ভিত্তিতে দরপত্র ডাকে; সাতটি বিভাগের ডিপোতে এরই মধ্যে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছেছে। বছরজুড়ে চলা এই নিবিড় প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, ১৩ ডিসেম্বর।
স্বাস্থ্যখাতে জনবল ও প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গও আসে তাঁর বক্তব্যে। মুহিত জানান, সরকারের নির্বাচনী ইশতেহার মেনে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজ চলছে। মাঠে এখন কাজ করছেন প্রায় ৪০ হাজার কর্মী, তাঁদের নিয়ে গড়া হবে একটি সমন্বিত কর্মীবাহিনী।
দুর্গম অঞ্চলের নারীরা কোন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে থাকেন, সে কথাও তোলেন আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এম এ মুহিত। হাওর, চর, পাহাড় আর উপকূলের সমস্যা এক রকম নয় বলে মনে করেন তিনি। বন্যা এলে সবচেয়ে বিপদে পড়েন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। তাঁর মতে, কেবল জাতীয় গড়ের হিসাব দেখে প্রান্তিক এই মানুষদের আসল সংকট ধরা যায় না। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে চাইলে নীতিনির্ধারকদের তাঁদের বাস্তব অভিজ্ঞতা জানতে হবে।
গবেষণার মূল বিষয় ও ফলাফল তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিনাত আরা, মেরি স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাস’র কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।