ছবিঃ সংগৃহীত
মেধাবী ছাত্রীদের দেওয়ার জন্য আনা বাইসাইকেল কেমন, তা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীর জন্য এসব সাইকেল আনা হয়েছে।
বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের সাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) খবরটি জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় মেধাবী ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে। সেই সাইকেলের কয়েকটি ধরন প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়, আর তিনি চালিয়ে দেখে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন।
উদ্যোগটির আওতায় সাইকেল পাবে ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রী। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে সাইকেল পাবে।
মেয়েদের পড়ালেখায় আগ্রহ বাড়ানো আর স্কুল থেকে ঝরে পড়া ঠেকানোই এ উদ্যোগের লক্ষ্য।
সাইকেল পরখের সময় সেখানে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।