২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাল্যবিবাহ ও শিশুশ্রম ঠেকাতে সামাজিক আন্দোলনের ডাক মন্ত্রী জাহিদ হোসেনের

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৫-১১-২০২৬
বাল্যবিবাহ ও শিশুশ্রম ঠেকাতে সামাজিক আন্দোলনের ডাক মন্ত্রী জাহিদ হোসেনের ছবিঃ সংগৃহীত

বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে সরকার বিরামহীনভাবে কাজ করছে বলেও জানান তিনি।

রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আজ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন “ন্যাশনাল চাইল্ড এন্ড ইয়ুথ-লিড ডায়ালগ- ‘ফাইভ জিরো’ মুভমেন্ট” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ হোসেন মনে করিয়ে দেন, শিশুশ্রম বন্ধ করা এবং গরিব পরিবারের শিশুদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মিড ডে মিল কর্মসূচি শুরু করেছে। সব শিক্ষার্থীকে একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ দেওয়ার কাজও চলছে। সরকারের পরিকল্পনা হলো, এই উদ্যোগ নির্দিষ্ট কোনো এলাকায় আটকে না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়া।

মা ও শিশুর অপুষ্টির প্রসঙ্গে মন্ত্রী জানান, চলমান ‘১০০০ দিনের কর্মসূচি’র মেয়াদ বাড়িয়ে চার বছর করার কথা ভাবছে সরকার, যাতে মা ও শিশু অপুষ্টিতে না ভোগে। সরকার সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি ভাতাভোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নারী ও শিশু নির্যাতন ঠেকাতে পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর জোর দেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তাঁর মতে, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগিয়ে তুলতে পারলে নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেকটাই কমবে। সে কারণে মা-বাবার উচিত ছোটবেলা থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা দেওয়া।

সামাজিক এই সচেতনতা গড়তে গণমাধ্যমকর্মীদেরও সামনে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিশুর সার্বিক বিকাশের কথা ভেবে বাস্তব জীবনের সঙ্গে মিল আছে এমন ‘লাইফ স্কিল’ বা জীবনদক্ষতামূলক শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা।

নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ডা. জেরার্ড উইলিয়াম ব্যারেন্ডস ছিলেন বিশেষ অতিথি।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, নারী ও শিশু অধিকারকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের নানা প্রান্ত থেকে আসা কিশোর-কিশোরীরাও অনুষ্ঠানে ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ