ছবিঃ সংগৃহীত
‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই স্লোগান সামনে রেখে ঝিনাইদহে আজ পালিত হলো নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে মানববন্ধন করে ‘দুর্বার নেটওয়ার্ক’ ও ‘নারীপক্ষ’। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুন।
বক্তব্য দেন টিআইবি’র সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুন প্রমুখ। ব্যানার-ফেস্টুন হাতে মানবাধিকার সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এখন আর ঘরে বা বাইরে সীমাবদ্ধ নেই, অনলাইনেও তা বেড়েছে। নারী ও শিশুর নিরাপত্তায় সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। সেই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।