২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাড়ে তিন শতাধিক ভিক্ষুকে পিণ্ড দিতে বান্দরবানের সড়কে পুণ্যার্থীদের সারি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৫-১১-২০২৬
সাড়ে তিন শতাধিক ভিক্ষুকে পিণ্ড দিতে বান্দরবানের সড়কে পুণ্যার্থীদের সারি ছবিঃ সংগৃহীত

শহরের নানা সড়কে সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন শত শত পুণ্যার্থী, ভিক্ষুদের হাতে পিণ্ড তুলে দেওয়ার অপেক্ষায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে আজ জেলায় শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান। এতে অংশ নেন সাড়ে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু।

বুধবার সকাল ৯টায় বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘোরার পথে ভিক্ষুরা পুণ্যার্থীদের কাছ থেকে পিণ্ড নেন।

ভিক্ষুদের পিণ্ড দিতে সেখানে ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনু মং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভী। বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ নারী-পুরুষেরাও পিণ্ড দেন।

শ্রদ্ধার সঙ্গে পুণ্যার্থীরা ভিক্ষুদের নগদ অর্থ, চাল, ফলমূল, মিষ্টি, মোমবাতি, আগরবাতিসহ নানা উপকরণ দান করেন। দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনাও হয়।

রীতি মেনে নানা বিহারে মাসজুড়ে চলা কঠিন চীবর দান উৎসব ফুরোলে ভিক্ষুদের সম্মানে মহাপিণ্ডদানের আয়োজন হয়। পুণ্যের আশায় শিশু-কিশোর থেকে নারী-পুরুষ, নানা বয়সী মানুষ রাস্তার পাশে লাইন ধরে ভিক্ষুদের রান্না করা খাবার, ফলমূল ও মিষ্টান্ন দেন। উৎসব দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও নানা শ্রেণি-পেশার দর্শনার্থী শহরে ভিড় জমান।

ধর্মীয় রীতি অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বিহারে বর্ষাব্রত পালন করেন। তারপর মাসজুড়ে চলে কঠিন চীবর দান উৎসব। সেটি শেষ হলে ভিক্ষুদের জন্য মহাপিণ্ডদানের আয়োজন করা হয়।

প্রচলিত বিশ্বাস হলো, গৌতম বুদ্ধ খালি পায়ে বৌদ্ধ পল্লীগুলোতে হেঁটে হেঁটে পিণ্ড বা খাবার সংগ্রহ করতেন। সেই ঐতিহ্য আর ধর্মীয় রীতি ধরে রেখে বান্দরবানের বৌদ্ধরা যুগের পর যুগ মহাপিণ্ডদান উৎসব পালন করে আসছেন।

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি। এ উপলক্ষে চরকা ঘুরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বানানো হয়, সেই সুতা রং করা হয়, আর রাতের মধ্যেই কাপড় বুনে তৈরি হয় চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র)। পরদিন চীবরটি ভিক্ষুদের দান করা হয়। এই আচারটিই কঠিন চীবর দান নামে পরিচিত।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ