২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাবির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা জাতিসংঘ দূত ফরিদা শহীদের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১১-২০২৬
উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাবির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা জাতিসংঘ দূত ফরিদা শহীদের ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে আজ তাঁর কার্যালয়ে দেখা করেছে জাতিসংঘের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্বে ছিলেন জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ।

দলের বাকি সদস্যরা হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের খবর দিয়েছে।

অতিথিদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এখানকার শিক্ষা ও গবেষণা কার্যক্রমের কথা তুলে ধরেন উপাচার্য। শিক্ষার মান বাড়ানো ও গবেষণায় উৎকর্ষের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিরামহীনভাবে কাজ করছে বলে জানান তিনি। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ রয়েছে, সে কথাও উল্লেখ করেন।

শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, নানা স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার ধরন এবং শিক্ষা কার্যক্রম চালাতে শিক্ষার্থীরা কীভাবে অংশ নেন—এসব বিষয়েও প্রতিনিধিদলকে ধারণা দেন উপাচার্য।

ওবায়দুল ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা ও গবেষণার মান বাড়ানো এবং দেশে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশে উচ্চশিক্ষার মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে চেষ্টা চালাচ্ছে, তার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ