২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘গণহত্যার অপরাধ’ তদন্তের আহ্বান অ্যামনেস্টির, অভিযোগ গাজায় সন্তান জন্মদানে বাধা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১১-২০২৬
ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘গণহত্যার অপরাধ’ তদন্তের আহ্বান অ্যামনেস্টির, অভিযোগ গাজায় সন্তান জন্মদানে বাধা ছবিঃ সংগৃহীত

গাজায় সন্তান জন্মদানের পথে বাধা তৈরিতে ইসরাইল নানা পদক্ষেপ নিচ্ছে—এমন অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বার্তা সংস্থা এএফপি জানায়, সংস্থাটির প্রধান একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।

বুধবার ছিল নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস; এ উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতায় কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে, সেই চিত্র উঠে এসেছে প্রতিবেদনে।

বুধবারই এক সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের কর্মকাণ্ডে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। গর্ভাবস্থার নানা জটিলতাও বেড়েছে, যার মধ্যে আছে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা।

পরিস্থিতিগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল কি না—এ প্রশ্নে ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টিতে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর অবস্থানে যে অ্যামনেস্টি নেই, সংস্থাটি তা-ও স্বীকার করেছে।

এএফপি যোগাযোগ করলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে। ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো দেখভাল করে এই সংস্থা।

কোগাট জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ঢুকেছে। সেখানে ৩৫টি হাসপাতাল চালু আছে, যেগুলোতে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদন বলছে, চিকিৎসা নিতে গিয়ে বা প্রসূতি ওয়ার্ডে থাকার সময় ইসরাইলি হামলায় বহু নারী ও কিশোরী হতাহত হয়েছেন। টানা বোমাবর্ষণের মধ্যে আহত অবস্থাতেই অনেক নারী গর্ভাবস্থা পার করেছেন, কিংবা নিজের নবজাতকের দেখাশোনা করেছেন।

সংস্থাটির মতে, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবের আগে ও পরের চিকিৎসাসেবা এবং গর্ভকালীন জটিলতা শনাক্তের কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ থামাতে দরকারি অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর ঘাটতিতে অনেক ক্ষেত্রে প্রাণও গেছে।

এসব সংকটের দায় অ্যামনেস্টি দিয়েছে মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধকে। সংস্থাটি মনে করে, এই বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুহার বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনের পর্যবেক্ষণগুলোর ভিত্তিতে মহাসচিব ক্যালামার্ড আইসিসির প্রতি আহ্বান জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা ‘গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না’, আদালত যেন তা বিবেচনায় নেয়। আদালতের তদন্তে ‘লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো’ যুক্ত করার দাবিও জানান তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ বলছে, কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিক ধ্বংসের উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

চিকিৎসার কোনো সুযোগ নেই

প্রতিবেদনটির জন্য ২২৮টি সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার দেওয়া দুজন প্যারামেডিক ২০২৬ সালের শুরুর দিকের দুটি ঘটনার কথা অ্যামনেস্টিকে জানান। গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েক শ মিটার দূরে ঘটনা দুটি ঘটে।

প্যারামেডিকদের বর্ণনায়, দুবারই সন্তান প্রসবের অপেক্ষায় থাকা এক নারী এবং তাঁকে হাসপাতালে নিতে পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।

২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর কথাও প্রতিবেদনে আছে। আরেকটি অসুস্থ শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে রাখার পর সংক্রমণে শিশুটি মারা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা দিয়ে যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি হামাসের অধীনে চললেও জাতিসংঘ এর প্রকাশিত পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশু জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের চেয়ে প্রায় ৪১ শতাংশ কম। জাতিসংঘের তথ্যেও দেখা যাচ্ছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সন্তান প্রসবের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজার হাসপাতাল ব্যবহার করেছে—এমন কিছু প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে অ্যামনেস্টি; বিশেষ করে জিম্মিদের আটকে রাখা বা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কাজে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হামাস হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার বানিয়েছিল—ইসরাইলের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সংস্থাটি পায়নি।

যুদ্ধের আগে গাজায় অন্তত নয়টি ক্লিনিকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা মিলত। অ্যামনেস্টি জানিয়েছে, এখন সেগুলোর একটিতেও এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

সংস্থাটির ভাষ্য, সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ