ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য ১ হাজার কোটি টাকার একটি ঋণ কর্মসূচি শুরু করেছে কর্মসংস্থান ব্যাংক। নতুন উদ্যোক্তা তৈরি, গ্রামে কর্মসংস্থান বাড়ানো আর উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এর উদ্দেশ্য।
ব্যাংকটির চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান জানান, প্রথম ধাপে কর্মসূচির ২০০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে, যা দিয়ে প্রায় দেড় লাখ মানুষের কর্মসৃজন সম্ভব হবে। আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার ৬০০ জন গ্রাহকের মধ্যে ৩৩ কোটি টাকার ঋণ বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়; সেখানে প্রধান অতিথি ছিলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার।
জাকারিয়া বলেন, প্রাণিসম্পদে অর্থায়ন বাড়ানো যেমন দরকার, তেমনি ঠিক সময়ে ঋণ পৌঁছানোও জরুরি। কোরবানির হাটকে মাথায় রেখে পশু পালন ও মোটাতাজাকরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি আর উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা যাবে বলে মনে করেন তিনি।
তাঁর মতে, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া তরুণদের এই ঋণের আওতায় আনলে উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে। কেবল ঋণ দিলেই হবে না; উৎপাদন, ব্যবস্থাপনা ও বাজারসংযোগেও উদ্যোক্তাদের সহযোগিতা দরকার।
আরিফ হোসেন বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ। এই জনশক্তিকে উৎপাদনশীল কাজে যুক্ত করা না গেলে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানো কঠিন হয়ে পড়বে। সে কারণে দেশে কর্মসংস্থান তৈরি আর বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ বাড়ানোর তাগিদ দেন তিনি।
বিদেশে শ্রমিক পাঠাতে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর জোর দেন এই কর্মকর্তা। তাঁর কথায়, কেবল অদক্ষ শ্রমিক নয়, দক্ষ কর্মী, কারিগরি পেশাজীবী ও সুপারভাইজার হিসেবেও জনশক্তি পাঠানোর সক্ষমতা বাড়াতে হবে। তাতে বিদেশে কাজের সুযোগ বাড়বে, বাড়বে শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহ।
ঋণের সুদহার কমানোর প্রস্তাব দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ। তাঁর হিসাবে, বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহককে ৯ শতাংশে ঋণ দিলে ব্যাংকের হাতে থাকে ৫ শতাংশ। উদ্যোক্তাদের জন্য এই সুদহার বেশি। বাংলাদেশ ব্যাংক তহবিলের সুদ ২ শতাংশ নির্ধারণ করলে গ্রাহক পর্যায়ে ৫ থেকে সাড়ে ৫ শতাংশের মধ্যে ঋণ দেওয়া যাবে বলে মনে করেন তিনি।
তিনি জানান, দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষকে ঋণ দিয়ে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে কর্মসংস্থান ব্যাংক। মূলধন তুলনামূলক কম হলেও ব্যাংকটির কাজ গুরুত্বপূর্ণ।
ব্যাংক কেবল মুনাফা করার প্রতিষ্ঠান নয়; একে অর্থনৈতিক উন্নয়ন আর কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার হিসেবে দেখা উচিত।
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে সালাহউদ্দীন আহমাদ বলেন, বিশেষ করে গবাদিপশু পালন, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও জুতা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। পরিকল্পিত বিনিয়োগ হলে এসব খাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো সম্ভব।
চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ার প্রস্তাবও দেন তিনি। তাঁর যুক্তি, দেশের চামড়া দিয়ে জুতা ও চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে, শিল্পে নতুন কর্মসংস্থানও তৈরি হবে।
প্রাণিসম্পদ খাতে ঋণ দেওয়ার সময় প্রকৃত উপকারভোগী ও নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে এবং ঋণের যথাযথ ব্যবহার ও আদায় নিশ্চিত করতে পরামর্শ দেন অরুণ চৌধুরী কর্মকার। দেশের সব শ্রেণির মানুষ যাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে, সে জন্য ঋণ কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক করার কথা বলেন তিনি।
পোল্ট্রি খাতের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু পশু ও পোল্ট্রি খাদ্যের চড়া দাম, উৎপাদন ব্যয় আর বাজারের অনিশ্চয়তায় খামারিরা চাপে আছেন। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ ও কার্যকর আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।