ছবিঃ সংগৃহীত
খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হচ্ছে। পাঁচটি হাসপাতালই চালু হবে চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে এগুলো দীর্ঘদিন অব্যবহৃত পড়ে ছিল।
সংশ্লিষ্টরা আশা করছেন, এগুলো চালু হলে রাজধানীর বাইরের শিশুরাও উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার বেশি সুযোগ পাবে, আর গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় ছোটার নির্ভরতা কমবে।
বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার এই পাঁচ হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে উপপরিচালকের ৫টি, সহকারী পরিচালকের ৫টি, সিনিয়র কনসালটেন্টের ১০০টি, জুনিয়র কনসালটেন্টের ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ। আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের ৫টি ও মেডিকেল অফিসারের ৩২৫টি পদও রয়েছে। সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ২০টি এবং এনেসথেটিস্টের ২০টি পদ রাখা হয়েছে।
কার্যক্রম দ্রুত শুরুর প্রক্রিয়া এগিয়ে নিতে পাঁচ প্রতিষ্ঠানেই উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের মঙ্গলবারের প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালে উপপরিচালক হয়েছেন ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী। ২৯ নভেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য, প্রতিটি হাসপাতালে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ। বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকছে। শয্যা আর চিকিৎসাসেবার পরিধি পরে বাড়ানোর কথা মাথায় রেখেই অবকাঠামো তৈরি হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শেষ।
চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অব্যবহৃত হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে হাসপাতালগুলো দেখে প্রতিবেদন জমা দিতেও বলেন তিনি। মূলত সেখান থেকেই চালুর তোড়জোড় শুরু।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের বলেছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর তথ্য অনুযায়ী, জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে, আর চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ঢাকায় একটি অনুষ্ঠান থেকে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালাতে যেসব যন্ত্র লাগে—নিওনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্সরে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ—সেগুলো এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।