২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি নয়, সবার প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৬-১১-২০২৬
যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি নয়, সবার প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ ছবিঃ সংগৃহীত

কোনো প্রাণীর যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তার ক্ষতি করা থেকে আমরা সবাই যেন বিরত থাকি, এমন অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশপাশের কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে আজ সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

পরিবারের শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই মনোভাব তৈরি করা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তারেক রহমান বলেন, অনেক সময় আশপাশে দেখা যায় মানুষ অকারণে নানা প্রাণীকে নির্যাতন করে, কষ্ট দেয়, যা কোনোভাবেই কাম্য নয়। তাঁর ভাষায়, আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। কাজেই প্রতিটি প্রাণীর সঙ্গে আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো প্রাণীর উপকার করা না গেলেও তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে অন্তত বিরত থাকতে হবে। সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

শিশুদের মধ্যে প্রাণীকুলের যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবারের নানা বয়সী শিশু-কিশোরকে ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে।

তাঁর আশা, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়া যাবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বাস করবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।

অনুষ্ঠানে এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ