ছবিঃ সংগৃহীত
গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি। বারব্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, মৃত্যুর হিসাবে ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় সর্বোচ্চ বছর।
এএফপিকে বুড বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা মৌসুমের তুলনায় অনেক বেশি ছিল। এমন আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম ধরা পড়ে উগান্ডায়। ১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে এটি ছড়ায়নি।
আক্রান্ত পাখিকে কামড়ালে মশা এ ভাইরাসে সংক্রমিত হয়। পরে সেই মশা মানুষকে কামড়ালে ভাইরাসটি মানুষের শরীরে ছড়ায়।
ভাইরাসটি নিয়ে এখনো অনেক কিছু অজানা। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্তদের বেশির ভাগের শরীরে কোনো উপসর্গই দেখা দেয় না।
তবে কারও কারও ক্ষেত্রে অবস্থা গুরুতর হয়ে ওঠে। আক্রান্তদের প্রায় এক শতাংশের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে। মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের বেলাতেও তা-ই ঘটেছে।
লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা উঠে যায় ১০৩ ডিগ্রি ফারেনহাইটে (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস)।
হাসপাতালে ফিজিওথেরাপির ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে করতে বুড এএফপিকে বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’
জীবনের বেশির ভাগ সময় বুড কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায়। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে সেখানে মশার উপদ্রব খুব সাধারণ ব্যাপার।
বুড বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’