ছবিঃ সংগৃহীত
দেশের আই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তাঁর ভাষ্য, দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং মানুষের দৃষ্টিশক্তি ফেরাতেই এই উদ্যোগ। মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ সকালে ‘বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটি’র দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এম এ মুহিত বলেন, দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও বড় কারণগুলোর একটি ছিল। ২০-৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে শিশুদের মধ্যে কর্নিয়াজনিত অন্ধত্ব অনেক বেশি দেখা যেত। সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরুর পর এ ধরনের অন্ধত্বের বিরাট অংশ ঠেকানো গেছে। এখন কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ চোখের সংক্রমণ ও আঘাত।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নিয়ে সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি এই আইনি কাঠামোর মধ্যে রাখা হয়েছে।
তাঁর দেওয়া তথ্যে, দেশে এখন প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন আছেন, তাঁদের ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করেন। কিন্তু দাতা কর্নিয়া না থাকায় বেশির ভাগ প্রতিস্থাপনই বিদেশ থেকে আনা কর্নিয়ানির্ভর, যা রোগীদের জন্য ব্যয়বহুল ও জটিল।
পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন, ঝুঁকিতে আছেন আরও প্রায় ৫০ হাজার। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত প্রায় ২ হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন, যাঁদের বড় একটি অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ পেলে তাঁদের অনেকে দৃষ্টি ফিরে পাবেন।
সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়ার অন্ধত্বের বড় অংশই প্রতিরোধ করা যায় বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, আই ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী মনিরুজ্জামান এবং অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. তৌহিদুর রহমান।