২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঘুমধুম সীমান্তে ৬৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা

আপলোড সময় : ২৮-১১-২০২৬
ঘুমধুম সীমান্তে ৬৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সংগৃহীত ছবি

এস.এম. লুৎফুর কবির, কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের উখিয়া-ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঘুমধুম সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪-এর প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে পশ্চিমকুল এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।রাত আনুমানিক ৯টার দিকে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করা হয়। 

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাদার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। ব্যাগটি খুলে ৬৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে থানায় মামলা করা হয়েছে। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ