ছবিঃ সংগৃহীত
হিসাব পেশাজীবীরা যেন অযাচিত চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করেন—নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদনের স্বার্থে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) এ পেশার সবার প্রতি এমন আহ্বান রেখেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাঁর ভাষায়, ‘একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা শেষ পর্যন্ত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাব পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি ও অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে।’
আজ সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তৃতা করছিলেন রাষ্ট্রপতি। সম্মেলনটির আয়োজক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি); এবারের প্রতিপাদ্য ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা।’
রাষ্ট্রপতি জানান, হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা যাতে কোনো ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, তেমন পরিবেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ।
বিনিয়োগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।’
তাঁর মতে, শক্তিশালী আর্থিক ব্যবস্থা দাঁড়িয়ে থাকে আস্থার ওপর। আমানতকারীরা ব্যাংকে সঞ্চয় রাখেন, বিনিয়োগকারীরা ভরসা করেন নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর। নাগরিকেরাও চান, জাতীয় সম্পদ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল ভূমিকা রাখুক।
আর্থিক খাতের অতীত অনিয়ম টেনে তিনি বলেন, ‘গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অসাধু যোগসাজশে বিপুল সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। তাতে দুর্নীতি আর নৈরাজ্যের চক্রে আটকে গেছে দেশের অর্থনীতি।
বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে ২০২৪ সালে প্রকাশিত শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে; দেশি মুদ্রায় যা প্রায় ২৮ লাখ কোটি টাকা। সেই হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ ছেড়েছে। অঙ্কটি জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ ঠেকেছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতে স্বচ্ছতার প্রশ্নে তিনি বলেন, স্বচ্ছতা কখনো কখনো কষ্টদায়ক হলেও তা এড়ানোর সুযোগ নেই। সংকট আসলে কতটা গভীর, তা মেনে না নিলে সেটির মোকাবিলাও সম্ভব নয়।
সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ ব্যবস্থা জোরদার, ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার, আইনসম্মত উপায়ে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’
টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। অনিয়ম, তহবিলের অপব্যবহার আর অযাচিত প্রভাব রুখতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সুরক্ষার প্রথম সারিতে রাখার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘অর্থনীতিকে সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক— সবারই সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে।’
নীতিনির্ধারণের টেবিলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের যুক্ত করার ওপরও জোর দেন রাষ্ট্রপতি। পরে অর্থপাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলার আহ্বান জানান দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি।
পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন তিনি।
বক্তৃতার আগে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ জয়ী আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। আয়োজকেরাও তাঁকে একটি সম্মাননা স্মারক দেন।
সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।