২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

লক্ষ্যের চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আবাদ, নড়াইলে রোপা আমনের ভালো ফলনের আশা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৮-১১-২০২৬
লক্ষ্যের চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আবাদ, নড়াইলে রোপা আমনের ভালো ফলনের আশা ছবিঃ সংগৃহীত

জেলার মাঠে মাঠে এখন পাকা রোপা আমন কাটা ও মাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। চাষ করা মোট জমির ৭৫ শতাংশের ধান এরই মধ্যে কাটা হয়ে গেছে। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, এবার জেলার ৩ উপজেলায় রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে; লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ৩ উপজেলায় ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য ছিল। কৃষি বিভাগের তৎপরতা আর কৃষকের আগ্রহে আবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টরে—লক্ষ্যের চেয়ে ২১০ হেক্টর বেশি। এসব জমি থেকে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসসকে জানান, সদর উপজেলায় ২০ হাজার ১৪০ হেক্টরের লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টরে।

লোহাগড়ায় লক্ষ্য ছিল ১১ হাজার ২৬৫ হেক্টর, আবাদ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টরে। কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টরের লক্ষ্যের বিপরীতে চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকার বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়ায় প্রতিবছরই কৃষকেরা রোপা আমন চাষে আগ্রহী হচ্ছেন। আমন কাটা শেষ হলে তাঁরা বোরো ধান, সরিষাসহ রবিশস্যের আবাদ শুরু করবেন। এ মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ