২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

‘এই নির্বাচন স্পেনকে এগিয়ে নেওয়ার জন্য’: জরিপে পিছিয়ে থেকে শেষ দিনে ভোটারদের ডাক সানচেজের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১১-২০২৬
‘এই নির্বাচন স্পেনকে এগিয়ে নেওয়ার জন্য’: জরিপে পিছিয়ে থেকে শেষ দিনে ভোটারদের ডাক সানচেজের ছবিঃ সংগৃহীত

রোববারের নির্বাচনে রক্ষণশীল ও কট্টর ডানপন্থীদের জয়ের আভাস মিলছে। এমন পরিস্থিতিতে শুক্রবার প্রচারের শেষ দিনে দেশটিকে ‘পেছনের দিকে’ যাত্রা থেকে বাঁচাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বার্তা সংস্থা এএফপি মাদ্রিদ থেকে এ খবর দিয়েছে। আগামী ১২ মাসে ইউরোপে একের পর এক নির্বাচন হবে, যার ফলে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। সে কারণেই স্পেনের রোববারের ভোটের দিকে নজর রাখা হচ্ছে ঘনিষ্ঠভাবে।

গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের পরিচিত বামপন্থী নেতাদের একজন হিসেবে নিজের জায়গা পোক্ত করেছেন সানচেজ। দেশের ভেতরে অবশ্য তাঁকে ঘিরে তীব্র মতভেদ আছে। ফলে আট বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতার ক্ষমতা এখন ঝুঁকিতে।

জনমত জরিপে তিনি বরাবরই প্রধান ডানপন্থী দল পপুলার পার্টির (পিপি) পেছনে। এবারও পার্লামেন্টে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে, তবে সবচেয়ে বেশি আসন যেতে পারে পিপির ঘরে।

সে ক্ষেত্রে পিপিকে হয়তো নির্ভর করতে হবে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি, অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ভক্সের ওপর। দলটি এবার আসন দ্বিগুণ করতে পারে বলে অনুমান। কয়েকটি অঞ্চলে ভক্স এখনই পিপির সঙ্গে মিলে সরকার চালাচ্ছে।

এমন জোট গঠিত হলে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী সমর্থনপুষ্ট স্বৈরশাসনের (১৯৩৯-১৯৭৫) পর স্পেনের গণতন্ত্রে উত্তরণের ইতিহাসে সেটিই হবে প্রথম।

মাদ্রিদে প্রচারের শেষ সমাবেশে সানচেজ সতর্ক করেন, পিপি ও ভক্স সরকার গড়লে সামাজিক অগ্রগতির বহু বছরের অর্জন উল্টে যাবে, দুর্বল হয়ে পড়বে জনসেবার প্রতিষ্ঠানগুলো।

অস্কারজয়ী স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারের বক্তব্যের পর মঞ্চে উঠে তিনি বলেন, ‘এই নির্বাচন স্পেনকে এগিয়ে নেওয়ার জন্য, পেছনে ঠেলে দেওয়ার জন্য নয়।’

গায়ে ছিল ‘জনগণের ক্ষমতা’ স্লোগান লেখা লাল টি-শার্ট। ভোটারদের দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সানচেজ বলেন, ‘প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আমাদের নাগালের মধ্যেই রয়েছে।’

ভোটার উপস্থিতি বেশি হওয়ার প্রত্যাশা

পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো সানচেজের বক্তব্যকে ‘ভীতির প্রচার’ আখ্যা দিয়ে তা নাকচ করেছেন। ২০২৩ সালের নির্বাচনে তাঁর দল সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি।

দক্ষিণের শহর সেভিয়ায় প্রচারের সমাপনী সমাবেশে সমর্থকদের ফেইখো বলেন, ‘যখন কোনো সরকারের দেওয়ার মতো কিছু থাকে না, তখন তারা শুধু ভয় দেখায়। এর অর্থ, তাদের দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই।’

গালিসিয়া অঞ্চলে ১৩ বছর সরকার চালানোর অভিজ্ঞতা আছে ফেইখোর। তিনি বলেন, ‘সরকার পরিচালনার অর্থ হলো প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা। আর আমি সারা জীবন এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

পূর্বের শহর ভ্যালেন্সিয়ায় একটি ষাঁড়ের লড়াইয়ের ময়দানে ভক্সের সমাপনী সমাবেশ হয়। দলের নেতা সান্তিয়াগো আবাসকাল সমর্থকদের বলেন, ‘ভয়ের কারণে ভোট দেবেন না। সাহস নিয়ে ভোট দিন।’

সানচেজ সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে আবাসকাল আরও বলেন, ‘আমরা এমন একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়ছি, যার নেতৃত্বে রয়েছেন একজন নির্মম ও মিথ্যাবাদী ব্যক্তি।’

মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশেষজ্ঞ পালোমা রোমান এএফপিকে বলেন, প্রচারের শেষ কয়েক ঘণ্টা সানচেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা সাধারণত ভোট দিতে যান না, তাঁদের কেন্দ্রে টেনে আনতে এই সময়টা কাজে লাগাতে হবে তাঁকে—আর এসব ভোটারের বেশির ভাগই বামপন্থীদের সমর্থক।

সাম্প্রতিক কয়েকটি জরিপে সমাজতন্ত্রী ও পিপির ব্যবধান কমে আসার ইঙ্গিত মিলেছে। স্পেনের রাজনীতিতে বারবার ঘুরে দাঁড়ানোর জন্য পরিচিত সানচেজের সামনে তাই আরেকটি চমকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ভোটারদের এমন সমাবেশ বামপন্থী জোট ফ্রেন্তে আমপ্লিওর (বৃহত্তর জোট) জন্যও সুবিধা বয়ে আনতে পারে। বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউয়ের নেতৃত্বাধীন জোটটি জরিপে পিছিয়ে, কিন্তু ক্ষমতা ধরে রাখতে সানচেজের হয়তো এদের সমর্থন লাগবে।

রোমানের ধারণা, রোববার ভোটার উপস্থিতি ‘অনেক বেশি, সম্ভবত ৭৮ শতাংশ’ হতে পারে। তবে ডানপন্থী জোটকে টপকে যাওয়ার মতো সমর্থন বামপন্থীরা পাবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

আন্তর্জাতিক অঙ্গনে সানচেজের অবস্থান

প্রচারে নিজের আন্তর্জাতিক ভূমিকাকে সামনে এনেছেন সানচেজ। অভিবাসনের পক্ষে তাঁর জোরালো অবস্থান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধ এবং ইসরাইলের কড়া সমালোচনা—এসব বিষয়ে তিনি বিশেষ জোর দিয়েছেন।

বিশ্ববাজারের অস্থিরতা আর ইউরোপের নানা দেশে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার মধ্যেও সানচেজের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতিটি যে গতিশীল থেকেছে, তা প্রশংসা পেয়েছে।

আবাসন সংকট নিয়ে মানুষের ক্ষোভকেও প্রচারে কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি। চলতি মাসের শুরুতে ভাড়াটিয়াদের সুরক্ষায় কয়েকটি পদক্ষেপ নেয় তাঁর সরকার।

গত অক্টোবরে জরুরি আবাসনসংক্রান্ত অধ্যাদেশ নাকচ করে দেয় ডানপন্থীরা। তারপরই ২০২৭ সালে হওয়ার কথা থাকা নির্বাচন এগিয়ে এনে এই সপ্তাহের রোববার ভোটের দিন ঘোষণা করেন সানচেজ। আবাসনের খরচ বেড়ে যাওয়ার দায় ডানপন্থীরা চাপিয়েছে সানচেজের পরপর কয়েকটি সরকারের ওপর।

জীবনযাত্রার খরচও ভোটারদের বড় দুশ্চিন্তা। সামষ্টিক অর্থনীতির ইতিবাচক পরিসংখ্যানেও সেই উদ্বেগ কাটেনি। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪ দশমিক ১ শতাংশ।

ভক্স তাদের প্রচারের কেন্দ্রে রেখেছে অভিবাসনকে। গত জুলাইয়ে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী উত্তর আফ্রিকায় স্পেনের শহর সেউতায় ঢুকে পড়ার পর বিষয়টি দেশটির রাজনীতিতে বড় হয়ে ওঠে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসীবোঝাই নৌকা বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে ক্যানারি দ্বীপপুঞ্জেও। আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ এল হিয়েরোর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

উদ্ধারকর্মীরা শুক্রবার জানান, এল হিয়েরোর কাছে একটি নৌকায় আট থেকে ১০ জন অভিবাসীর মরদেহ মিলেছে। এ ঘটনায় সানচেজ সরকারের অভিবাসন নীতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ