২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১০০ বছরে প্রথমবার আবহাওয়ার কারণে পিছাল ম্যাসিস প্যারেড, ঝড়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন কয়েক লাখ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১১-২০২৬
১০০ বছরে প্রথমবার আবহাওয়ার কারণে পিছাল ম্যাসিস প্যারেড, ঝড়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন কয়েক লাখ ছবিঃ সংগৃহীত

থ্যাংকসগিভিং দিবসের ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর শুক্রবারও দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎ ছাড়া দিন কাটিয়েছেন। খারাপ আবহাওয়ায় নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজনও ব্যতিক্রমী বাধার মুখে পড়ে।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে জানিয়েছে, বৃহস্পতিবারের ঝড়ের সঙ্গে ছিল ভারী বৃষ্টি আর দমকা হাওয়া। বছরের সবচেয়ে ব্যস্ত ছুটির মৌসুমগুলোর একটিতে নিউ হ্যাম্পশায়ার থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিভিন্ন জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য দেয় এমন ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস-এর হিসাবে, শুক্রবারও প্রায় পাঁচ লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ ছিল না।

আকাশপথেও ভোগান্তি কাটেনি। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানায়, প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট দেরিতে ছেড়েছে, বাতিল হয়েছে ৫০০টির বেশি।

বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভুগেছে পেনসিলভানিয়া, যেখানে প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ বিদ্যুৎহীন ছিলেন। মিসৌরিতে এ সংখ্যা প্রায় ৭২ হাজার; ঝড়ের সময় রাজ্যটির পূর্বাঞ্চলে ১৫ ইঞ্চি পর্যন্ত তুষার পড়ে।

নিউইয়র্কে তখনো প্রায় ৪৫ হাজার মানুষ বিদ্যুৎ পাননি। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাসিসের থ্যাংকসগিভিং ডে প্যারেড পিছিয়ে শনিবার করা হয়েছে। ১০০ বছরের ইতিহাসে আবহাওয়ার জন্য প্যারেড স্থগিতের ঘটনা এটাই প্রথম।

ম্যানহাটনের কেন্দ্রজুড়ে বর্ণিল বিশাল বেলুনের শোভাযাত্রা এই বার্ষিক আয়োজনের বড় আকর্ষণ, যা সারা বিশ্বের দর্শক টানে। যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটাও শুরু হয় এর মধ্য দিয়ে।

প্যারেডটি এর আগে বড় ধরনের বিঘ্নে পড়েছিল ১৯৭১ সালে। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি আর বাতাসে সেবার ডোনাল্ড ডাকসহ জনপ্রিয় সংস্কৃতির নানা চরিত্রের আদলে বানানো বেলুন ওড়ানো যায়নি।

১৯৯৭ সালে জোরালো বাতাসে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বিশাল বেলুন সড়কবাতির খুঁটিতে ধাক্কা খায়। খুঁটিটি গিয়ে পড়ে এক নারীর ওপর, যিনি প্রায় এক মাস কোমায় ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিলিয়াম সংকটের কারণে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্যারেড পুরোপুরি বন্ধ ছিল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ