২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সুইফটের বিকল্প আনল বাংলাদেশ ব্যাংক: লোকাল এলসির তথ্য এখন ‘বার্তা’ প্ল্যাটফর্মে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১১-২০২৬
সুইফটের বিকল্প আনল বাংলাদেশ ব্যাংক: লোকাল এলসির তথ্য এখন ‘বার্তা’ প্ল্যাটফর্মে ছবিঃ সংগৃহীত

অভ্যন্তরীণ বাণিজ্যের ঋণপত্র (লোকাল এলসি) সংক্রান্ত তথ্য দ্রুত, নিরাপদে ও কম খরচে আদান-প্রদানের জন্য ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ বা বার্তা) নামে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিক লোকাল এলসির তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের আজকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে রপ্তানি বাণিজ্যে গতি আসবে, পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) বিকাশ ঘটবে, রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে; পাশাপাশি বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য বার্তার মাধ্যমে আদান-প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে তথ্য আরও নির্ভুল ও স্বচ্ছ হবে, কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের তদারকি। লোকাল এলসির তথ্যের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরতাও কমবে।

তথ্যের নিরাপত্তায় প্ল্যাটফর্মটিতে কয়েক স্তরের সুরক্ষা রাখা হয়েছে—অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাই, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল। ব্যবহারকারীর পরিচয় যাচাই হবে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতিতে (টু-ফ্যাক্টর অথেনটিকেশন)। প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থাও আছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে কেবল তথ্য দেখতে পারবেন; কোনো তথ্য বদলানো বা সংশোধনের সুযোগ তাঁদের থাকবে না।

বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলাদা ও নিরাপদ আইটি নেটওয়ার্ক (এক্সট্রানেট) দিয়ে তথ্য চলাচল করবে। প্রতিবার যোগাযোগে মানতে হবে তিন স্তরের অনুমোদন।

বার্তা পুরোপুরি চালু হলে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদার হবে। রপ্তানি বাণিজ্যে গতি আসার সঙ্গে সঙ্গে পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়নও দ্রুত হবে। প্রচ্ছন্ন রপ্তানিতে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে, বাড়বে দেশীয় মূল্য সংযোজন। সব মিলিয়ে দেশের রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শুরুতে বার্তার পাশাপাশি লোকাল এলসির তথ্য বিনিময়ে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। বার্তা পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হলে ধাপে ধাপে সুইফটভিত্তিক ব্যবস্থা তুলে নেওয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ