ছবিঃ সংগৃহীত
দুটি নিউরোসায়েন্স সেন্টার গড়ে তোলা হবে ঢাকা ও চট্টগ্রামে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ এ কথা জানিয়েছেন।
মন্ত্রী জানান, চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে এ নিয়ে বৈঠক হবে। সেখানে ঠিক করা হবে কী অবকাঠামো লাগবে, কী করতে হবে আর কত টাকা প্রয়োজন। এই অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আজ রোববার ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে একটি আলোচনা সভা হয়। সেখানেই মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সভায় বিশেষ অতিথি ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এখন প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি আছে। এ সংকট সামলাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে; যত দ্রুত সম্ভব ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও দামি ওষুধের প্রয়োজনের কথাও তোলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ আর নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবনের নির্মাণকাজে গতি আনা এবং খুব দামি ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
ড. এস এম জিয়া হায়দার তাঁর বক্তব্যে জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে বলেন। তাঁর মতে, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া দরকার। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ (রেনোভেশন) দ্রুত করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোকেও গুরুত্ব দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন প্রমুখও বক্তব্য দেন।