ছবিঃ সংগৃহীত
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।
আজ রোববার বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে মিছিলটি হয়। আয়োজক ছিল চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন।
মিছিলের আগে একটি সমাবেশ হয়, যা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান। সেখানে বক্তব্য দেন পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল।
ফোরামের সদস্যদের মধ্যে কথা বলেন অ্যাড. রেহানা ইয়াসমিন কচি, তাফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম তরুণ, আলম খান মঞ্জু, হুমায়ূন কবির, ইয়াসিন আরাফাত ইকরাম, আতিক হাওলাদার, কামাল হোসেন, সাদ্দাম, শামিম হোসেন প্রমুখ।
দেশের আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনজীবন বিপর্যস্ত করার মতো কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। তাঁরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা অন্য যেকোনো রাজনৈতিক সংগঠনের নাম নিয়ে কেউ আইনবহির্ভূত কাজ, সহিংসতা বা জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় কিংবা অতীতে ক্ষমতায় থাকার অবস্থান কাউকে আইনের ঊর্ধ্বে তোলে না।