ছবিঃ সংগৃহীত
জেলার বধ্যভূমিগুলো সংস্কার করে দৃশ্যমান করা এবং উলিপুরের হাতিয়া গণহত্যায় শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভায়।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি বসে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ নূর বখত, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহান বিজয় দিবসকে জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সঙ্গে জেলার বধ্যভূমিগুলো সংস্কার ও দৃশ্যমান করার কাজও গুরুত্ব দিয়ে করা হবে। উলিপুরের হাতিয়ার শহীদ পরিবারসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগগুলোরও সমন্বয় করা হবে।
অন্য বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হলে জেলার বধ্যভূমিগুলো দ্রুত সংস্কার করে দৃশ্যমান ও সংরক্ষিত করা জরুরি। ১৯৭১ সালের ১৩ নভেম্বর উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে পাকিস্তানি হানাদার বাহিনী ৬৯৭ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে। বিশেষভাবে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং ওই শহীদ পরিবারের অসহায় সদস্যদের সহায়তায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খলভাবে শেষ করতে বিভিন্ন উপকমিটি ও কর্মপরিকল্পনা নিয়েও সভায় বিস্তারিত কথা হয়।