ছবিঃ সংগৃহীত
রোববার রাতে ইউক্রেনের ১ হাজার ১৭টি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। এর কয়েকশ ড্রোনের লক্ষ্য ছিল মস্কো অঞ্চল।
আগের দিনও রাশিয়া দাবি করেছিল, রাতে তারা ইউক্রেনের ১ হাজার ২০০টির বেশি ড্রোন ধ্বংস করেছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়া দুই দেশই আকাশপথে হামলার মাত্রা বাড়িয়েছে।
রোববার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোসহ দেশের এক ডজনের বেশি অঞ্চলে ইউক্রেনের ওই ১ হাজার ১৭টি ড্রোন বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের ভাষ্য অনুযায়ী, রাজধানী অঞ্চলকে লক্ষ্য করে ৫০০টির বেশি ড্রোন এসেছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে তিনি লেখেন, বেশির ভাগ ড্রোন দূরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে; মস্কোর কাছাকাছি আসার পথে মোট ১০৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা চালালেও এখনো কোনো সমঝোতা হয়নি। অগ্রগতি বলতে কেবল বন্দি বিনিময়।