ছবিঃ সংগৃহীত
পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর কথায়, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোই এখন সরকারের প্রধান অগ্রাধিকার; অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।
‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে,’ বলেন তিনি।
রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে আজ রোববার ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালা শুরু হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রশিক্ষণ কর্মসূচিটির আয়োজক পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি ছিলেন বিশেষ অতিথি, সভাপতি জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও বক্তব্য দেন।
জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো জরুরি পণ্য আমদানির খরচ বেড়ে যাওয়ায় সরকার বড় আর্থিক চাপে আছে বলে জানান অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে এসব কিনতে গিয়ে সরকারি কোষাগারে বাড়তি চাপ পড়ছে।
মন্ত্রীর ভাষায়, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।’
আমির খসরুর ব্যাখ্যা, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানির পথেও বাংলাদেশকে মূল্যস্ফীতির চাপ সইতে হচ্ছে। আমদানিজনিত এ মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে দেশের ভেতরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ আছে।
তিনি জানান, কয়েকটি নিত্যপণ্যে শুল্ক কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে। তবে মূল্যস্ফীতি আরও নামিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রীর মূল্যায়ন, পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের প্রশ্নে সরকারের প্রথম বছরটি বিশেষভাবে কঠিন হবে। পরের বছরগুলোতে অবশ্য অর্থনীতিতে আরও জোরালো গতি ফেরাতে হবে।
‘প্রথম বছরটি খুব কঠিন হবে। কিন্তু চতুর্থ বা পঞ্চম বছরেও যদি বলি আমরা পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছি, তা হতে পারে না। চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে,’ যোগ করেন তিনি।
অর্থনীতির অবস্থা তুলে ধরতে স্বচ্ছ থাকার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, অগ্রগতি দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান হাজির করবে না; অর্থনীতির আসল চিত্রই জনগণের সামনে আনতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’
পুনরুদ্ধারের সময় অর্থনীতির কিছু সূচক প্রত্যাশার চেয়ে দুর্বল থাকতে পারে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তবে কেন এমন হচ্ছে, তা পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে। পরিস্থিতি শোধরাতে সরকার সঠিক পথে এগোচ্ছে কি না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উন্নতি আনা হবে, সেটাও জনগণকে জানাতে হবে।
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম আর আর্থিক দায়ের কারণে খাতটিতে বড় চাপ তৈরি হয়েছে। এ অবস্থা থেকে বেরোতে ধাপে ধাপে পুনরুদ্ধারের কাজ চালাতে হবে।
মন্ত্রী জানান, আমানতকারীদের আস্থা ফেরানোই এ মুহূর্তে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার আশঙ্কা একসময় খাতটিতে বড় অনিশ্চয়তা তৈরি করেছিল।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আমানতকারীদের আশ্বস্ত করেছি, তাদের টাকা নিরাপদ এবং তারা তা ফেরত পাবেন। কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।’
সরকারের এ আশ্বাসে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, ব্যাংকগুলোতে এখন নিট আমানতের প্রবাহ বাড়ছে।
পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগের বছরগুলোর অনিয়ম ও কারসাজিতে এ বাজারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে একসময় পুঁজিবাজার অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। ফলে ভালো ও মানসম্পন্ন অনেক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ হারায়।
তিনি জানান, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে, গঠন করা হয়েছে নতুন কমিশন। কমিশনটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত, এতে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।
সংস্কারের পর বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন বলে জানান মন্ত্রী। পুঁজিবাজারকে শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত করার কথা বলেন তিনি।
বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে—এ কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ টানেন আমির খসরু। তিনি জানান, ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন, যাদের সম্মিলিত সম্পদ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।
‘এটি বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। তারা বিশ্বাস করেন, বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে এবং দেশের পুঁজিবাজারেরও সম্ভাবনা আছে,’ বলেন অর্থমন্ত্রী।
পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কাঠামোর ধারণা তৈরি হয়নি। এর ভিত্তি ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রণীত দলের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’।
সেই পরিকল্পনা তৈরিতে প্রায় ছয় মাস ধরে নানা পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছিল বলে জানান তিনি। পরে ২৭ দফা ও ৩১ দফার মতো রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ের মতবিনিময়ের ভেতর দিয়েও বর্তমান কাঠামোর ধারণা বিকশিত হয়েছে।
‘সরকার গঠনের পর হঠাৎ করে এ ধারণা তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের চিন্তাভাবনা, আলোচনা ও মতবিনিময়ের ফল,’ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
নানা অংশীজনের সঙ্গে ব্যাপক আলোচনা ও পরামর্শ করে কাঠামোটি তৈরি হয়েছে বলে জানান তিনি। এতে সরকারের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন অগ্রাধিকারের প্রতিফলন আছে, আর দেশের প্রধান উন্নয়ন সহযোগীরাও এর সঙ্গে একমত হয়েছেন।
উন্নয়ন সহযোগীদের নাম ধরে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, এআইআইবি ও জাইকার মতো সব উন্নয়ন সহযোগী এ পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে একমত।’
তবে শুধু উন্নয়ন সহযোগীদের সমর্থনেই কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে না বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব বুঝে অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।
‘এ কাঠামো আমাদের একটি রূপরেখা ও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা এটি কীভাবে বাস্তবায়ন করব। নিজেদের চিন্তা ও কাজের মধ্যে এ কাঠামোকে ধারণ করতে হবে এবং যার যার দায়িত্ব নির্ধারণ করতে হবে,’ বলেন তিনি।
বাস্তবায়নে কোথায় ঘাটতি বা বাধা আসতে পারে এবং কোথায় সমন্বয় দরকার, তা চিহ্নিত করতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান অর্থমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তিনি বলেন, দেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মাথায় রেখেই লক্ষ্যটি ঠিক করা হয়েছে। এটি পূরণে লাগবে কৌশলগত পরিকল্পনা, বড় বিনিয়োগ এবং বেসরকারি খাত, সরকার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সমন্বিত অংশগ্রহণ।
উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নে সরকার চারটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী—অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।
এর ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সর্বোত্তম ব্যবহার হচ্ছে কি না, অর্থনৈতিক সুফল কতটা পাওয়া যাবে, কর্মসংস্থান কতটা সৃষ্টি হবে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়বে— এসব বিষয় বিবেচনায় নিতে হবে।’
শুধু সরকারি ব্যয় বাড়ালেই চলবে না বলে মনে করিয়ে দেন তিনি। এ ব্যয় থেকে পরিমাপযোগ্য অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ আসছে কি না, তা নিশ্চিত করতে হবে। বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ মূল্যায়ন করে সেগুলোর প্রকৃত সুফল ও অর্থনৈতিক প্রতিফলনও যাচাই করা দরকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীনভাবে কাজ করার নির্দেশনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে সরকারের প্রভাবের বাইরে থেকে সঠিক তথ্য প্রকাশ করতে বলা হয়েছে সংস্থাটিকে।
‘আমরা বিবিএসকে বলেছি, সরকারের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে,’ জানান তিনি।
গবেষকদের তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে বিবিএসে একটি গবেষণা সুবিধা প্রতিষ্ঠা করা হয়েছে। তথ্য পাওয়া আরও সহজ করতে অনলাইনে উপাত্ত উন্মুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে কেবল সরকারের ওপর ভরসা না করে বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাবিদ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা শুধু সরকারি পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বেসরকারি খাত, এনজিও ও শিক্ষাবিদদের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। কারণ জনগণকে বাইরে রেখে কোনো সরকারের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার গণ্ডিতে আটকে থাকলে এ কাঠামো বাস্তবায়ন করা যাবে না। দরকার অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। তাঁর ভাষায়, ‘শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষে এ কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। যেখানে প্রয়োজন, সেখানে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করুন।’
সবার সম্মিলিত উদ্যোগ এবং নির্ধারিত সময়ে কার্যকর বাস্তবায়ন হলে কাঠামোর লক্ষ্য পূরণ সম্ভব বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় মানবসম্পদ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশের আছে।
পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে একটি চলমান দলিল হিসেবে রাখার ওপরও জোর দেন তিনি। বাস্তবায়নের সময় বিভিন্ন অংশীজনের মতামত ও অভিজ্ঞতা থেকে ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রাখতে হবে।