ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) পঞ্চগড় ১৮ বিজিবি ও শ্রীমঙ্গল ৪৬ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে। সীমান্ত এলাকা দিয়ে পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সে জন্য বিজিবির বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কমেন্ট বক্স