৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে অসুস্থ কারিনাকে

কায়সার হামিদের ক্ষোভ, গরিবরা যাবে কোথায়?

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-০৫-২০২৬
কায়সার হামিদের ক্ষোভ, গরিবরা যাবে কোথায়? কারিনার সাথে পিতা কায়সার হামিদ

বেশ কিছু দিন ধরে লিভারজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ। এ অবস্থায় সোমবার (১১ মে) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

বাংলা ট্রিবিউনকে কায়সার হামিদ জানান, “আমি জানতাম না, আমাকে যদি শুরুতেই বলা হতো আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টের যথাযথ চিকিৎসা নেই, তাহলে প্রথম দিনই তাকে দেশের বাইরে নিয়ে যেতাম। এখন এত দেরিতে বলা হচ্ছে। চিকিৎসা ব্যয় বেড়ে গেছে, যা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আমি ইতোমধ্যে চেন্নাইয়ের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি। এয়ার অ্যাম্বুলেন্সে করেই নিতে হচ্ছে।”

চিকিৎসার ব্যয় কোটি টাকার উপরে পৌঁছেছে বলে জানান তিনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কায়সার হামিদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, দেশে লিভার ট্রান্সপ্লান্টের উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলুন। আমি না হয় জমি বিক্রি করছি, ওর বন্ধুরা, ভক্তরা পাশে এসে দাঁড়াচ্ছে। কিন্তু গরিবরা তাহলে কোথায় যাবে?”

তিনি আরও জানান, জমি বিক্রি এবং বন্ধুদের সহযোগিতায় কারিনার চিকিৎসার খরচ জোগাড় করা হচ্ছে। সরকারের কাছে সহযোগিতা চাইলেও এখনও সাড়া পাননি তিনি। কায়সার হামিদ বলেন, “আমিনুলকে (আমিনুল ইসলাম, ক্রীড়া মন্ত্রী) জানিয়েছি, ও সম্ভবত দেশের বাইরে। প্রধানমন্ত্রীকে হয়তো জানিয়েছে। অপেক্ষা করছি।”

গত ২ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন কারিনা হামিদ। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত হন। শুরুতে বিষয়টি সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। পরবর্তীতে জটিলতা বাড়তে থাকায় লিভার ফেইলিউর দেখা দেয় এবং গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ