সংগৃহীত ছবি
লকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য একটি মরদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ পড়ে যায় এবং চারজন আহত হন।
আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি।
ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে।