মাদ্রিদে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতি ইন স্পেন’-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
গত শনিবার (৩০ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদের মনোরম ‘পার্কে মানছানারেস’-এ সংগঠনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই আনন্দ মেলার আয়োজন করা হয়।
মাদ্রিদের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রায় শতাধিক প্রবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।
বিকেল ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন আড্ডা, গল্প আর গান-বাজনায়। বিক্রমপুরবাসীর ঐতিহ্যবাহী আতিথেয়তা ও আন্তরিকতা উপস্থিত সকলের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে আসা অতিথিদের নানান পদের মজাদার ও ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়। সেইসঙ্গে স্থানীয় শিল্পীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা দর্শকরা বেশ উপভোগ করেন।
সংগঠনের উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আসা প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু এবং সদস্য সচিব সুমন নুর।