হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল
ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গে প্রাণ হারিয়েছেন ৫১১ জন। সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৫৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৬০ হাজার ১৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
কমেন্ট বক্স